...|...|...

বিশ্ব

যুক্তরাষ্ট্রে প্রলয়ংকরী ঝড়ে ৫ শতাধিক ফ্লাইট বাতিল, বিদ্যুৎহীন লক্ষাধিক মানুষ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:১৮ | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:১৯
Shares
যুক্তরাষ্ট্রে প্রলয়ংকরী ঝড়ে ৫ শতাধিক ফ্লাইট বাতিল, বিদ্যুৎহীন লক্ষাধিক মানুষ

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ঘনবসতিপূর্ণ উত্তর-পূর্বাঞ্চলীয় করিডোরে আঘাত হেনেছে শক্তিশালী অফ-সিজন বা অসময়ের প্রলয়ংকরী সামুদ্রিক ঝড় ‘নোরইস্টার’। মুষলধারে বৃষ্টি, তীব্র ঝড়ো হাওয়া এবং বিপজ্জনক জলোচ্ছ্বাসের এই তাণ্ডবে জনজীবন মারাত্মকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। এই দুর্যোগে অন্তত একজন নিহত হয়েছেন এবং বিদ্যুৎহীন হয়ে পড়েছেন লক্ষাধিক মানুষ।

সাধারণত এ ধরনের ঝড়গুলো বছরের শেষের দিকে কিংবা বসন্তকালে আঘাত হেনে থাকে। তবে এবার সময়ের আগেই এই শক্তিশালী ঝড়টি আঘাত হানল। নিউইয়র্ক, বস্টন এবং ফিলাডেলফিয়ার মতো বড় বড় শহরগুলোতে এই হিংস্র আবহাওয়া আঘাত হেনেছে, যার ফলে প্রায় ১ লাখ ৩০ হাজার গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন।

রবিবার (২৭ সেপ্টেম্বর) জাতীয় আবহাওয়া পরিষেবা সন্ধ্যায় জানিয়েছে যে, পূর্ব উপকূলজুড়ে কয়েক দিন ধরে ব্যাপক তাণ্ডব চালানোর পর ঝড়টি এখন দুর্বল হতে শুরু করেছে। তবে এনডব্লিউএস আরও জানিয়েছে, ঘূর্ণায়মান এই নোরইস্টারের প্রভাবে সোমবার রাত পর্যন্ত দক্ষিণ নিউ ইংল্যান্ড থেকে শুরু করে উত্তর মিড-আটলান্টিক অঞ্চল পর্যন্ত ভারী বৃষ্টি এবং বিক্ষিপ্ত বজ্রঝড়ের আশঙ্কা রয়েছে।

এনআরটির প্রতিবেদন অনুযায়ী, ঝড়টির কেন্দ্রবিন্দু নিউ জার্সি উপকূলের অদূরে অবস্থান করলেও এর মেঘমালা বহুদূর উত্তরে নিউ ইংল্যান্ড পর্যন্ত ছড়িয়ে পড়ে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঝড়ের শুরুতে নিউইয়র্কের মনটৌক পয়েন্টে বাতাসের গতিবেগ যেখানে ঘণ্টায় ৮১ মাইল (১৩১ কিমি) পর্যন্ত উঠেছিল, বর্তমানে তা কমে ঘণ্টায় প্রায় ৪৫ মাইল বা ৭২ কিলোমিটারে নেমে এসেছে। আগামী কয়েক দিনের মধ্যে ঝড়টি পূর্ব দিকে সরে গিয়ে পরবর্তীতে উত্তর দিকে মোড় নিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

দুর্ভোগে জনজীবন ও বিমান চলাচল বিঘ্নিত

স্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, শনিবার নিউইয়র্ক সিটিতে পার্কিং লটের ভেতর দিয়ে হেঁটে যাওয়ার সময় গাছের ডাল ভেঙে পড়ে নিউইয়র্ক সিটি পাবলিক হাউজিং অথরিটির এক কর্মী নিহত হয়েছেন।

ফ্লাইটঅ্যাওয়ার-এর তথ্য অনুযায়ী, ঝড়ের কারণে দেশের বিমানবন্দরগুলোতে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। সারা দেশে ৫শটিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং প্রায় ৬ হাজার ফ্লাইট বিলম্বিত হয়েছে। রবিবার সন্ধ্যা পর্যন্ত বস্টনের লোগান আন্তর্জাতিক বিমানবন্দরে ১৭২টি ফ্লাইট বাতিল করা হয়েছে, যা তাদের নির্ধারিত মোট ফ্লাইটের প্রায় এক চতুর্থাংশ। এছাড়া নানটুকেট এবং মার্থাস ভিনয়ার্ডের ছোট বিমানবন্দরগুলোতে প্রায় এক-তৃতীয়াংশ ফ্লাইট বাতিল করা হয়।

এদিকে, উত্তর ক্যারোলিনার বিখ্যাত ‘হাইওয়ে ১২’, যা উপকূলীয় সরু ব্যারেল দ্বীপগুলোকে সংযুক্ত করেছে, এই সপ্তাহে পানির নিচে তলিয়ে যাওয়ায় কিছু দ্বীপের বাসিন্দা মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন।

স্থানীয় পরিবহন কর্তৃপক্ষের শেয়ার করা ছবিতে দেখা যায়, ভূমিকম্পের ধ্বংসলীলার মতো পিচঢালা রাস্তার বড় বড় টুকরো উঠে গেছে এবং সাগরের বিশাল ঢেউ আছড়ে পড়ছে। যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলজুড়ে ধারণ করা ফুটেজে দেখা গেছে, বড় বড় ঢেউয়ের আঘাতে বাড়িঘর ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং মানুষ প্লাবিত শহরের রাস্তায় কায়াক নিয়ে চলাচল করছে।

নোরইস্টার ঝড় কী?

এই ঝড়গুলোর নাম এসেছে উত্তর-পূর্ব দিক থেকে বয়ে আসা বাতাসের নামানুসারে। স্যাটেলাইট চিত্রে নোরইস্টার ঝাড়গুলোকে দেখতে অনেকটা হারিকেনের মতো মনে হয়, যা মহাসাগরের ওপর শত শত মাইল এলাকাজুড়ে সর্পিল মেঘের সৃষ্টি করে।

তবে হারিকেন এবং নোরইস্টারের গঠনপ্রকৃতি সম্পূর্ণ আলাদা। হারিকেন মূলত গ্রীষ্মের শেষ বা শরতের শুরুর দিকে উষ্ণ জলের শক্তি নিয়ে গঠিত হয়, আর নোরইস্টার সাধারণত সেপ্টেম্বর থেকে এপ্রিল মাসের মধ্যে বেশি দেখা যায়। কানাডা থেকে বয়ে আসা ঠান্ডা আর্কটিক বায়ু এবং আটলান্টিক উপকূলীয় সাগরের তুলনামূলক উষ্ণ বায়ুর সংমিশ্রণেই মূলত এই নোরইস্টার ঝড়গুলোর জন্ম হয়।