দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। এটি ধীরে ধীরে শক্তিশালী হয়ে নিম্নচাপ এবং পরবর্তী সময়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। তবে সম্ভাব্য ঘূর্ণিঝড়ের গতিপথ এখনও নিশ্চিত হওয়া যায়নি।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে বঙ্গোপসাগরে লঘুচাপটি সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মো. ওমর ফারুক। গণমাধ্যমকে তিনি বলেন, লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর এটি ঘূর্ণিঝড়েও রূপ নিতে পারে।
সম্ভাব্য গতিপথ সম্পর্কে তিনি জানান, নিম্নচাপ সৃষ্টি হওয়ার পর এটি কোন দিকে অগ্রসর হবে, সে বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। প্রাথমিকভাবে ভারতের অন্ধ্রপ্রদেশ ও ওডিশা উপকূলের দিকে এর গতিপথ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে নিম্নচাপে রূপ নেওয়ার পর গতিপথ আরও পরিষ্কার হবে।
এদিকে আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকলেও দেশের অধিকাংশ এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ১৫ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। একই সময়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামের আমবাগানে, ৩৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।


