...|...|...

বিশ্ব

যুক্তরাষ্ট্রে চাইলেই মিলবে না শিশুদের নাগরিকত্ব, আসছে নতুন নিয়ম

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৫:৪৭ | আপডেট: ৪ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১১:১৫
Shares
যুক্তরাষ্ট্রে চাইলেই মিলবে না শিশুদের নাগরিকত্ব, আসছে নতুন নিয়ম

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শিশুদের পাসপোর্টের আবেদনের ক্ষেত্রে মা-বাবার নাগরিকত্ব বা অভিবাসনসংক্রান্ত অবস্থার প্রমাণ জমা বাধ্যতামূলক করার প্রস্তাব দিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার উদ্যোগের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বুধবার (২ সেপ্টেম্বর) রয়টার্সের পর্যালোচিত এক খসড়া নির্দেশনায় এ তথ্য উঠে আসে। ট্রাম্প প্রশাসনের ৬ আগস্টের নির্বাহী আদেশ কীভাবে বাস্তবায়ন করা হবে, স্টেট ডিপার্টমেন্টের এই খসড়ায় প্রথমবারের মতো তা বিস্তারিত উল্লেখ করা হলো। সন্তান জন্ম দেওয়ার মাধ্যমে মার্কিন নাগরিকত্ব পাওয়ার প্রবণতা বা ‘বার্থ ট্যুরিজম’ বন্ধ করতেই এই সিদ্ধান্ত।

হোয়াইট হাউসের মাধ্যমে পাঠানো প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র টমি পিগট বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প মার্কিন নাগরিকত্বের মান নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং পাসপোর্ট যাচাই প্রক্রিয়ায় তা প্রতিফলিত হবে।

নতুন খসড়া অনুযায়ী, পাসপোর্টের আবেদনের সময় মা-বাবার বৈধ মার্কিন পাসপোর্ট, জন্মনিবন্ধন সনদ বা গ্রিন কার্ডের মতো অভিবাসন নথি জমা দিতে হবে। কোনো শিশুর মা-বাবা বিদেশে সরকারি চাকরিজীবী, নাগরিকত্ব পাওয়ার প্রতারণায় যুক্ত কিংবা ‘এলিয়েন এনিমি’ হিসেবে চিহ্নিত হলে সেই শিশুর নাগরিকত্ব আটকে যেতে পারে। বর্তমানে পাসপোর্টের জন্য কেবল সন্তানের জন্মনিবন্ধন ও মা-বাবার ছবিযুক্ত পরিচয়পত্রই যথেষ্ট ছিল।

এর আগে ট্রাম্পের একই ধরনের একটি নির্দেশ সুপ্রিম কোর্ট অসাংবিধানিক ও সংবিধানের ১৪তম সংশোধনীর পরিপন্থী বলে রায় দিয়েছিলেন। ওই রায়ে বলা হয়েছিল, যুক্তরাষ্ট্রে জন্ম নিলেই শিশু স্বয়ংক্রিয়ভাবে নাগরিক হবে—যদি না অন্তত একজন অভিভাবক মার্কিন নাগরিক বা গ্রিন কার্ডধারী হন।

এদিকে শুক্রবার (২৮ আগস্ট) মেরিল্যান্ডের গ্রিনবেল্টের একটি ফেডারেল আদালতে ট্রাম্পের নতুন আদেশের বিরুদ্ধে শুনানি হয়েছে। জেলা বিচারক ডেবোরা বোর্ডম্যান আদেশের যৌক্তিকতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। তবে বিচার বিভাগের আইনজীবীরা দাবি করছেন, পূর্ণাঙ্গ নির্দেশিকা বাস্তবায়নের আগেই এই আইনি চ্যালেঞ্জ তাড়াহুড়ো করে করা হয়েছে।