যুক্তরাষ্ট্রে ইরানের ‘ডার্টি বোমা’ হামলার পরিকল্পনা নিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রকাশিত প্রতিবেদনের পর মুখ খুলেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি জানিয়েছেন, ইরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রে এমন কোনো হামলার আসন্ন হুমকি রয়েছে বলে তিনি মনে করেন না।
সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, ইরান যুক্তরাষ্ট্রে ডার্টি বোমা হামলার পরিকল্পনা করতে পারে-সিএনএনের এমন প্রতিবেদনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রুবিও গোয়েন্দা সূত্রগুলোর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন।
রুবিও বলেন, ‘আপনাদের কিছু গোয়েন্দা সূত্র মিথ্যাবাদী। অন্যরা মিথ্যাবাদী ও অপরাধী। তারা মিথ্যাবাদী, কারণ তারা এসব তথ্য বানিয়ে বলছে।’
তিনি আরও বলেন, ‘কিছু মিথ্যাবাদী অপরাধীও বটে। কারণ তারা শুধু তথ্য বানিয়েই বলছে না, হয়তো সেগুলোর কিছুটা সত্যও রয়েছে। কিন্তু তারা এমনভাবে গোয়েন্দা তথ্য প্রকাশ করছে, যেভাবে করা উচিত নয়।’
এদিকে যুক্তরাষ্ট্রের বিমান চলাচল, ব্যাংকিং ও জাতীয় নিরাপত্তাব্যবস্থায় সাম্প্রতিক প্রযুক্তিগত বিভ্রাটের বিষয়েও কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।
রুবিও জানান, এসব বিভ্রাটের মধ্যে কোনো পারস্পরিক সম্পর্ক রয়েছে কিংবা এর পেছনে কোনো অসৎ উদ্দেশ্যে কাজ করা ব্যক্তি বা গোষ্ঠী জড়িত—এমন কোনো প্রমাণ যুক্তরাষ্ট্রের কাছে নেই।


