যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্কে আকস্মিক বন্যায় ২০ জনেরও বেশি মানুষ নিখোঁজ হয়েছেন। শনিবার ব্রাইট অ্যাঞ্জেল ক্যানিয়ন ও ফ্যান্টম রেঞ্চ এলাকায় এ বন্যার সৃষ্টি হয় বলে জানিয়েছে পার্ক কর্তৃপক্ষ।
বন্যার পর থেকে উদ্ধার ও সরিয়ে নেওয়ার কাজ চালিয়ে যাচ্ছে গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্কের কর্মীরা। তাদের সাথে কাজ করছে অ্যারিজোনা ডিপার্টমেন্ট অব পাবলিক সেফটি। দুর্গত এলাকা খালি করার পাশাপাশি সেখানে আটকে পড়া ব্যক্তিদের দ্রুত উদ্ধারে অভিযান চলছে।
রবিবার (৩০ আগস্ট) পর্যন্ত উপদ্রুত এলাকা থেকে ৬২ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। খবর সিএনএনের।
পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, কটনউড ক্যাম্পগ্রাউন্ড ও ফ্যান্টম রেঞ্চ এলাকা থেকে রবিবার আরও অনেক মানুষকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। একই সাথে ওই এলাকায় কোনো হাইকার বা ব্যাকপ্যাকার আটকে থাকলে কিংবা তাদের অবস্থান সম্পর্কে তথ্য জানা থাকলে দ্রুত পার্ক কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানানো হয়েছে।
বন্যার কারণে হাইকিং পরিকল্পনা বাতিল করতে বাধ্য হন ডেভিড গ্রেগরি নামে এক হাইকার। তিনি একটি ছোট দলের সাথে গ্র্যান্ড ক্যানিয়নে হাইকিং করতে গিয়েছিলেন।
ডেভিড গ্রেগরি জানান, হঠাৎ বন্যা শুরু হওয়ায় তাদের পরিকল্পনা বাতিল করতে হয়। তিনি বলেন, আমরা বুঝতে পারছিলাম অনেক জঞ্জালসহ পানিপ্রবাহ দ্রুত এগিয়ে আসছে।
তিনি আরও জানান, তাদের হেলিকপ্টারে করে সেখান থেকে নিকটস্থ একটি স্কুলে নিয়ে যাওয়া হয় ও পরবর্তীতে রাতে হোটেলে পৌঁছে দেওয়া হয়।
শনিবার গ্র্যান্ড ক্যানিয়নে বেশ কয়েকবার ঝড় হয়। সকাল থেকে ঝড় শুরু হলেও মাঝখানে তা থেমে যায়। পরে সন্ধ্যার দিকে আবারও ঝড়-বৃষ্টি শুরু হয়। গত ২৪ ঘণ্টায় সেখানে ২৫ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।


