...|...|...

বিশ্ব

যুক্তরাষ্ট্রের মাটিতে ইরানের বিশাল জয়, উচ্ছ্বসিত হয়ে যে বার্তা দিলেন সর্বোচ্চ নেতা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, দুপুর ১২:২৭
Shares
যুক্তরাষ্ট্রের মাটিতে ইরানের বিশাল জয়, উচ্ছ্বসিত হয়ে যে বার্তা দিলেন সর্বোচ্চ নেতা

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২৩ বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছে ইরানের জাতীয় ফ্রিস্টাইল কুস্তি দল। এ সাফল্যে দলটির কুস্তিগির, কোচ ও কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি। তিনি বলেছেন, এ অর্জন ইরানি জাতির হৃদয় আনন্দ ও গর্বে পূর্ণ করেছে।

ইরানি সংবাদমাধ্যম মেহের নিউজ জানায়, সোমবার (১৯ অক্টোবর) প্রকাশিত এক অভিনন্দন বার্তায় মুজতবা খামেনি ইরানের কুস্তি দলের সাফল্যের প্রশংসা করেন। একই সঙ্গে দেশের তরুণ ক্রীড়াবিদদের বিশেষভাবে অভিনন্দন জানান তিনি।

বার্তায় সর্বোচ্চ নেতা বলেন, বিশ্ব চ্যাম্পিয়নশিপে ইরানের অনূর্ধ্ব-২৩ ফ্রিস্টাইল কুস্তি দলের শিরোপা জয় দেশটির মানুষের জন্য আনন্দ ও গর্বের বিষয়। বিভিন্ন রঙের নয়টি পদক অর্জনের এই সাফল্য পরিকল্পনা, সঠিক ব্যবস্থাপনা, সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্যোগ, কোচদের নিষ্ঠা এবং তরুণ ক্রীড়াবিদদের অক্লান্ত পরিশ্রমের ফল।

তিনি ইরানের কুস্তিগির, কোচ ও ক্রীড়া কর্মকর্তাদের পাশাপাশি দেশের বীর তরুণ চ্যাম্পিয়নদের অভিনন্দন জানান।

এদিকে, যুক্তরাষ্ট্রের মাটিতে বিশ্ব শিরোপা জয়ের জন্য ইরানের জাতীয় ফ্রিস্টাইল কুস্তি দলকে অভিনন্দন জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও। কুস্তিগিরদের দৃঢ় সংকল্প, প্রতিভা ও দক্ষতার প্রশংসা করেন তিনি। এর আগে ইরানের গ্রিকো-রোমান কুস্তি দলও বিশ্ব চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছিল বলে উল্লেখ করেন প্রেসিডেন্ট।

রবিবার লাস ভেগাসে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফ্রিস্টাইল বিভাগে চারটি স্বর্ণপদক জিতে দলগত শিরোপা নিশ্চিত করে ইরান। পয়েন্ট তালিকায় ১৮০ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকে দেশটি। ১৭১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ছিল রাশিয়া, আর স্বাগতিক যুক্তরাষ্ট্র ১০৪ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে ছিল।

১০টি ওজন শ্রেণিতেই শক্তিশালী নৈপুণ্য দেখিয়ে দলগত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ইরান। এ সাফল্যের মধ্য দিয়ে আন্তর্জাতিক কুস্তিতে দেশটির তরুণ ক্রীড়াবিদদের সামর্থ্য আবারও তুলে ধরেছে দলটি।