যুক্তরাষ্ট্রের সাথে তীব্র উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালির নিচ দিয়ে যাওয়া সাবমেরিন ইন্টারনেট ক্যাবলগুলোতে হামলার সরাসরি হুমকি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
সোমবার (১৯ অক্টোবর) তেহরানের স্যাক্রেড ডিফেন্স মিউজিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এই হুমকি দেন আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেব্বি। খবর সৌদি গ্যাজেটের।
আইআরআইবির প্রতিবেদন অনুযায়ী মোহেব্বি বলেন, 'হরমুজ প্রণালির নিচ দিয়ে সাতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য ও যোগাযোগ ক্যাবল গেছে, যার ওপর ইন্টারনেট ও বিশ্ব বাণিজ্যের বিশাল অংশ নির্ভর করে। আমরা যুক্তরাষ্ট্রকে জানিয়ে দিতে চাই, আমাদের কাছে নতুন লক্ষ্যবস্তু ও নতুন অস্ত্র প্রস্তুত রয়েছে।'
এ সময় মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্রের প্রভাব পুরোপুরি উপড়ে ফেলার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
এর আগে চলতি মাসের শুরুতে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজাই ইঙ্গিত দিয়েছিলেন, নতুন করে যুদ্ধ শুরু হলে যুক্তরাষ্ট্রের তথ্যকেন্দ্র, সমুদ্রতলের ফাইবার-অপটিক ক্যাবল এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) স্থাপনায় হামলা চালানো হতে পারে।
আইআরজিসির এই হুমকি নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। কারণ, আন্তর্জাতিক টেলিযোগাযোগ তথ্য বিশ্লেষক প্রতিষ্ঠান 'টেলিজিওগ্রাফি'র মতে, ইউরোপ ও এশিয়ার মধ্যে তথ্য আদান-প্রদানের ৯০ শতাংশেরও বেশি সম্পন্ন হয় এই অঞ্চলের সাবমেরিন ক্যাবলের মাধ্যমে। সামরিক উত্তেজনার মধ্যে এসব ক্যাবল ক্ষতিগ্রস্ত হলে তা মেরামত করাও অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে।
উল্লেখ্য, লোহিত সাগরের দক্ষিণ প্রবেশপথ বাব আল-মান্দেব প্রণালির গুরুত্বপূর্ণ উপকূলীয় এলাকা ইরান-সমর্থিত হুতিদের নিয়ন্ত্রণে রয়েছে। ফলে এই কৌশলগত নৌপথ ও ডেটা নেটওয়ার্ক বিশ্ব অর্থনীতিতে তেহরানের জন্য নতুন একটি দরকষাকষির হাতিয়ার হয়ে উঠছে।


