ভারতকে বিভক্ত করা ও দেশটির অগ্রযাত্রা ব্যাহত করার চেষ্টা সফল হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত। রাস্তায় নেমে বিক্ষোভের মাধ্যমে সরকার পরিবর্তনের চেষ্টা সফল হবে না বলেও মন্তব্য করেছেন তিনি।
মঙ্গলবার ভারতের মহারাষ্ট্র রাজ্যের নাগপুরে আরএসএসের বিজয়া দশমী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন মোহন ভাগবত। তার অভিযোগ, ভারতের অগ্রগতিতে ঈর্ষান্বিত বিভিন্ন শক্তি দেশটিকে দুর্বল করতে ষড়যন্ত্র করছে। এসব শক্তির প্ররোচনায় কিছু মানুষ বিক্ষোভে অংশ নিচ্ছে বলেও দাবি করেন তিনি।
ভারতের বিরুদ্ধে কথিত ষড়যন্ত্রের অভিযোগ তুলে আরএসএস প্রধান বলেন, দেশটি বর্তমানে শক্তিশালী হয়ে উঠছে এবং বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতি অর্জন করছে। ভারতের উন্নয়ন ও গুরুত্বপূর্ণ নীতির বাস্তবায়ন বাধাগ্রস্ত করতে না পেরে বিরোধী শক্তিগুলো দেশকে বিভক্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।
ভারতে সাম্প্রতিক বিক্ষোভ ও বিরোধী দলগুলোর আন্দোলন ঘিরে বিজেপি নেতাদের সমালোচনার মধ্যেই মোহন ভাগবতের এই বক্তব্য এল। এর আগে আরএসএসের মুখপত্র ‘অর্গানাইজার’-এ বিরোধীদের আন্দোলন নিয়ে সমালোচনা করা হয়েছিল। বিজেপির বিভিন্ন নেতা আন্দোলনের পেছনে বিদেশি শক্তির মদদ রয়েছে বলেও অভিযোগ করেছেন।
সাম্প্রতিক বিক্ষোভের সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের প্রসঙ্গও আলোচনায় এসেছে। কয়েক দিন আগে সিপিআই (এমএল) লিবারেশনের ছাত্র সংগঠন আইসার নেত্রী নেহা বোরা বাংলাদেশের আন্দোলনের কথা উল্লেখ করে সেখান থেকে অনুপ্রেরণা পাওয়ার কথা বলেছিলেন।
অন্যদিকে, আইনজীবী প্রশান্ত ভূষণ আন্দোলনের লক্ষ্য হিসেবে জ্ঞানেশ কুমারের অপসারণ ও ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) বাতিলের দাবি তুলে ধরেছিলেন।
মোহন ভাগবত তার বক্তব্যে বাংলাদেশ ও নেপালসহ বিভিন্ন দেশের পরিস্থিতির উল্লেখ করেন। তার দাবি, বিশ্বের কিছু শক্তি ভারতকে দুর্বল দেখতে চায় এবং নিজেদের স্বার্থ হাসিল করতে বিভিন্ন দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করে। এসব শক্তি ভারতের সংস্কৃতি, সামাজিক শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের বিরোধী বলেও মন্তব্য করেন তিনি।
সরকার পরিবর্তন হলেই সব সমস্যার সমাধান হবে- এমন ধারণাকে ভুল আখ্যা দিয়ে আরএসএস প্রধান বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় আন্দোলন হতে পারে। তবে সেই আন্দোলনের লক্ষ্য হওয়া উচিত সমস্যার সমাধান খুঁজে বের করা, দেশকে ধ্বংস করা নয়।
তিনি আরও বলেন, ভারত, হিন্দু সম্প্রদায় ও আরএসএসের ক্ষতি করার উদ্দেশ্যে কিছু শক্তি পরিকল্পনা করছে। তাদের সঙ্গে ক্ষমতাকাঙ্ক্ষী কিছু নেতাও যুক্ত রয়েছেন বলে অভিযোগ করেন তিনি। তবে এসব গোষ্ঠী ভারতের সমাজে ঐক্য নষ্ট করতে কিংবা ঘৃণা ও বিভেদ ছড়াতে পারবে না বলে দাবি করেন মোহন ভাগবত।


