...|...|...

বিশ্ব

পাকিস্তানে চীনা নাগরিকের বাড়িতে ডাকাতির অভিযোগে ৪ পুলিশ সদস্য গ্রেফতার

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, বিকেল ৩:১৭ | আপডেট: ২০ অক্টোবর ২০২৬, বিকেল ৩:২২
Shares
পাকিস্তানে চীনা নাগরিকের বাড়িতে ডাকাতির অভিযোগে ৪ পুলিশ সদস্য গ্রেফতার

ছবি: সংগৃহীত

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে চীনা নাগরিকদের বাড়িতে ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে চার পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের ইউনিফর্ম পরে সহযোগীদের নিয়ে তারা এ ডাকাতি করেন বলে জানিয়েছেন পুলিশের এক কর্মকর্তা।

সর্বশেষ ঘটনাটি ঘটে ইসলামাবাদের এফ-৭/১ সেক্টরের একটি বাড়িতে। মামলার এজাহার অনুযায়ী, বাড়িটিতে দুই চীনা নাগরিক বসবাস করতেন। রাত আনুমানিক ২টা ২০ মিনিটে পুলিশের পোশাক পরা এক ব্যক্তি বাড়ির কর্মচারীদের থাকার জায়গায় গিয়ে ঘুমন্ত নিরাপত্তাকর্মী ও গাড়িচালককে জাগিয়ে তোলেন।

পরে তাদের একটি কালো টয়োটা করোলা গাড়ির কাছে নিয়ে যাওয়া হয়। গাড়িটিতে পুলিশের ব্যবহৃত ঘূর্ণায়মান বাতি লাগানো ছিল। এতে থাকা চারজনের মধ্যে তিনজনের পরনে ছিল পুলিশের ইউনিফর্ম এবং তাদের কাছে অস্ত্র ছিল।

পরে সশস্ত্র ব্যক্তিরা জানালা দিয়ে বাড়িতে প্রবেশ করে দুই চীনা নাগরিককে অস্ত্রের মুখে জিম্মি করেন। তারা ওই দুই নাগরিক ও বাড়ির দুই কর্মচারীকে ড্রয়িং রুমে আটকে রেখে নগদ ২০ লাখ রুপি এবং ১৫ হাজার রুপি মূল্যের একটি মোবাইল ফোন লুট করে নিয়ে যান।

এ ঘটনায় পাকিস্তান দণ্ডবিধির ৩৯৫ ধারায় ডাকাতির মামলা করা হয়েছে। মামলা দায়েরের পর পুলিশ সিসিটিভি ফুটেজের সহায়তায় সন্দেহভাজনদের শনাক্ত করে চার পুলিশ সদস্যকে গ্রেফতার করে।

২৯ আগস্ট থেকে ইসলামাবাদে চীনা নাগরিকদের বাড়িতে ডাকাতির চারটি ঘটনা ঘটেছে। এর মধ্যে তিনটি ঘটনায় অপরাধীরা পুলিশের ছদ্মবেশ ধারণ করেছিল। দুটি ঘটনার তদন্তে কর্মরত পুলিশ সদস্যদের সম্পৃক্ততার ইঙ্গিত পাওয়া গেছে।

এর আগে ১৩ সেপ্টেম্বর ইসলামাবাদের জি-১০/৪ এলাকায় দুই চীনা নাগরিকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। পুলিশের পোশাক পরা বন্দুকধারীরা ওই বাড়ি থেকে ৮০ লাখ রুপি লুট করে। ওই ঘটনার তদন্তেও রাজধানী পুলিশের তিন সদস্যের সম্পৃক্ততার তথ্য সামনে আসে।