...|...|...

বিশ্ব

ইরান-যুক্তরাষ্ট্রের টানাপোড়েনের মধ্যে ফের ইরান যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, সকাল ১০:২৭
Shares
ইরান-যুক্তরাষ্ট্রের টানাপোড়েনের মধ্যে ফের ইরান যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

ছবি: সংগৃহীত

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাত নিরসনে মধ্যস্থতার প্রচেষ্টা নিয়ে আলোচনার জন্য আজ মঙ্গলবার (২০ অক্টোবর) ইরান সফরে যেতে পারেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। ইরানি গণমাধ্যমের সোমবারের প্রতিবেদন অনুযায়ী, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পাকিস্তানের মধ্যস্থতা এবং বৃহত্তর আঞ্চলিক পরিস্থিতি নিয়ে ইরানি কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন তিনি। সংবাদমাধ্যম আনাদোলু এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সংঘাত নিরসনে কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে আলোচনা হবে এই সফরে।

সংঘাতের সময় পাকিস্তান ওয়াশিংটন ও তেহরানের মধ্যে গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে। একই সঙ্গে উভয় পক্ষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখেছে দেশটি।

গত জুনে যুক্তরাষ্ট্র ও ইরান ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ স্বাক্ষর করেছিল। এর মাধ্যমে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে আলোচনার কাঠামো তৈরি হয়।

তবে নিরাপত্তা নিশ্চয়তা এবং হরমুজ প্রণালীতে নৌচলাচলের স্বাধীনতা নিয়ে মতপার্থক্যের কারণে পরবর্তী সময়ে আলোচনা ভেস্তে যায়। বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ এই প্রণালী নিয়ে মতবিরোধ দুই দেশের সমঝোতার পথে বাধা হয়ে দাঁড়ায়।