ফ্রান্সের অভিবাসননীতি নিয়ে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোর সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষকে ফ্রান্সে প্রবেশের সুযোগ দেওয়া ম্যাঁক্রোর বড় ভুল।
সম্প্রতি হোয়াইট হাউসে সাংবাদিকদের সাথে কথা বলার সময় ট্রাম্প বলেন, প্যারিস খুব শিগগিরই একটি মুসলিম শহরে পরিণত হবে।
ট্রাম্প জানান, ম্যাঁক্রোর সাথে তার আট থেকে নয় বছর ধরে পরিচয়। প্রথম সাক্ষাতের সময়ই তিনি ফরাসি প্রেসিডেন্টকে সীমান্ত বন্ধ করে দেওয়ার পরামর্শ দিয়েছিলেন।
ট্রাম্পের ভাষ্য, আমি তাকে বলেছিলাম, তোমার সীমান্ত বন্ধ করে দাও, তারপর দেখা যাক কী হয়। আমি তাকে বলেছিলাম, তুমি ফ্রান্সে বড় ভুল করছ। সারা বিশ্ব থেকে সবাইকে তোমার দেশে প্রবেশ করতে দিচ্ছ।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র নিজেদের সীমান্ত বন্ধ করলেও ম্যাঁক্রো তা করেননি।


