...|...|...

বিশ্ব

কলম্বিয়ায় স্বর্ণখনি ধসে নিহত ১৪, নিখোঁজ ১৫

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, সকাল ৯:৪৩
Shares
কলম্বিয়ায় স্বর্ণখনি ধসে নিহত ১৪, নিখোঁজ ১৫

ছবি: সংগৃহীত

কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি অবৈধ স্বর্ণখনি ধসে ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সাতজন। দুর্ঘটনার পর আরও ১২ থেকে ১৫ জন খনি শ্রমিক নিখোঁজ রয়েছেন বলে সোমবার (১৯ অক্টোবর) স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।

সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, নারিনো বিভাগের সান্তা বারবারা দে ইসকুয়ান্দে পৌরসভার গ্রামীণ চামবেরো এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নারিনোর গভর্নর লুইস আলফোনসো এসকোবার জানিয়েছেন, অনুসন্ধান ও উদ্ধার অভিযান শেষ হয়েছে।

নারিনোর দুর্যোগ মোকাবিলা বিষয়ক কর্মকর্তা হোর্হে তোভার কাস্তিয়ো জানান, পৌর কর্তৃপক্ষ উদ্ধার তৎপরতা পরিচালনা করছে। তবে দুর্গম যোগাযোগব্যবস্থার কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।

সান্তা বারবারা দে ইসকুয়ান্দে এলাকাটি ঘন বৃষ্টিবন দিয়ে ঘেরা। সেখানে কেবল নৌকা বা ছোট উড়োজাহাজে করে পৌঁছানো সম্ভব।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় গভর্নর এসকোবার জানান, স্বর্ণখনিটি ছিল একটি অনানুষ্ঠানিক বা অবৈধ খনি। তিনি বলেন, “এই মুহূর্তে আমাদের অগ্রাধিকার হলো জীবন বাঁচানো, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকা এবং এই বেদনাদায়ক ট্র্যাজেডিতে দ্রুত ও কার্যকর সাড়া নিশ্চিত করা।”

কলম্বিয়ার গ্রামীণ অঞ্চলে অনানুষ্ঠানিক ও অনিয়ন্ত্রিত খনির কার্যক্রম বেশ প্রচলিত। এসব খনিতে প্রায়ই পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থার অভাব থাকে, ফলে প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে।

এর আগে গত আগস্টে নারিনোর পোলিকার্পা পৌরসভায় একই ধরনের খনি দুর্ঘটনায় ১৩ জন নিহত হয়েছিলেন।