...|...|...

বিশ্ব

অস্ট্রেলিয়ায় এমপির ওপর হামলা সম্পর্কে যা জানা গেল

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, রাত ৮:৫২
Shares
অস্ট্রেলিয়ায় এমপির ওপর হামলা সম্পর্কে যা জানা গেল

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার পার্লামেন্ট সদস্য হেলেন হেইনসের (৬৫) ওপর গাড়ির ধাক্কায় কথিত হামলায় গ্রেফতার সন্দেহভাজন ব্যক্তি তার ২০ বছরের পুরোনো ‘পারিবারিক পরিচিত’ বলে জানা গেছে। যদিও পুলিশ এখনো এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বিস্তারিত জানায়নি।

তবে হামলার ঘটনায় গ্রেফতার ৪৩ বছর বয়সী ওই ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনার কথা জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। তার বিরুদ্ধে ‘বিপজ্জনকভাবে গাড়ি চালানো, ইচ্ছাকৃতভাবে আঘাত করে গুরুতর আহত করা এবং কমনওয়েলথের একজন সরকারি কর্মকর্তার ক্ষতি সাধনের’ অভিযোগ আনা হয়েছে।

অস্ট্রেলিয়ার স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তির নাম ব্রেন্ডান নুজেন্ট। তার বাবা রড নুজেন্ট সাংবাদিকদের বলেন, এমপি হেলেন হেইনস তাদের দীর্ঘদিনের পারিবারিক বন্ধু এবং ২০ বছরেরও বেশি সময় ধরে তারা একে অপরকে চেনেন। তবে ঠিক কী কারণে ওই ব্যক্তি এমন হামলা চালিয়েছেন, তা এখনো স্পষ্ট নয়।

সোমবার (১৯ অক্টোবর) চলন্ত গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন দেশটির স্বতন্ত্র এমপি হেলেন হেইনস। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকেরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা পুরোপুরি শঙ্কামুক্ত না হলেও অনেকটাই স্থিতিশীল রয়েছে।

ঘটনার পরপরই পুলিশ অভিযুক্ত ব্রেন্ডানকে গ্রেফতার করে। পুরো বিষয়টিকে ‘পরিকল্পিত হামলা’ বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ। ঘটনাটি নিয়ে পুলিশের বিস্তারিত তদন্ত চলছে।