...|...|...

বিশ্ব

হায় সেলুকাস! কেন বললেন, কী বার্তা দিলেন জামায়াত আমির

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, সকাল ১১:০৮
Shares
হায় সেলুকাস! কেন বললেন, কী বার্তা দিলেন জামায়াত আমির

ছবি: সংগৃহীত

পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তার মালিকানাধীন বাড়ি থেকে ৮৪ জন নারী-পুরুষকে গ্রেপ্তার ও মাদক উদ্ধারের ঘটনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। একই সঙ্গে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস-বিদ্যুতের সংকট এবং বিভিন্ন অপরাধের বিস্তার নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। এ পরিস্থিতিতে তরুণদের আবারও জেগে ওঠার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, ‘হায় সেলুকাস! আমাদের এই বাংলাদেশ! তরুণদের আরেকবার জাগতে হবে।’

মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা বলেন জামায়াতের আমির। তার অভিযোগ, জনদুর্ভোগ কমানো ও অপকর্ম দমনে কার্যকর উদ্যোগ নেওয়ার পরিবর্তে সরকার এখন বিরোধী দলের চরিত্র হননে ব্যস্ত।

ফেসবুক স্ট্যাটাসে শফিকুর রহমান লেখেন, ‘বাংলাদেশ পুলিশে কর্মরত একজন অতিরিক্ত ডিআইজির মালিকানাধীন একটি বাড়ি থেকে অসামাজিক কাজে লিপ্ত থাকার দায়ে ৮৪ জন নারী-পুরুষকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। একই সঙ্গে বাসা থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ পণ্য (মাদক) উদ্ধার করা হয়েছে।’

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চিত্র তুলে ধরে তিনি আরও লেখেন, ‘এখান থেকেই বোঝা যায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কতটা অবনতি হয়েছে। দেশের সর্বত্র আইনশৃঙ্খলাবিরোধী ও অসামাজিক কার্যকলাপের পাশাপাশি চাঁদাবাজির মহোৎসব, ছিনতাই, লুণ্ঠন ও ডাকাতি মারাত্মক আকার ধারণ করেছে।’

পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার মালিকানাধীন বাড়িতে এমন ঘটনা ঘটায় জনমনে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন শফিকুর রহমান। তিনি লেখেন, ‘স্বয়ং পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার মালিকানাধীন বাড়িতে এ ধরনের অপকর্ম সংঘটিত হওয়ায় জনমনে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে।’

দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে স্ট্যাটাসের শেষাংশে জামায়াতের আমির লেখেন, ‘হায় সেলুকাস! আমাদের এই বাংলাদেশ! তরুণদের আরেকবার জাগতে হবে।’