রাজধানীর ভাটারার বসুন্ধরা আবাসিক এলাকায় অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহিরের মালিকানাধীন বাড়িতে ডিজে পার্টির আড়ালে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় মাদকসহ ৮৫ জনকে আটক করা হয়েছে। এ ঘটনার পর অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহিরকে প্রত্যাহার করে পুলিশ সদরদপ্তরের হেডকোয়ার্টার্স শাখায় সংযুক্ত করা হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আবদুল্লাহ আল জহিরকে হেডকোয়ার্টার্স শাখায় সংযুক্ত করা হলো। আদেশটি অবিলম্বে কার্যকর হবে।
ডিবি সূত্রে জানা গেছে, সোমবার (১৯ অক্টোবর) রাত ১২টার দিকে পূর্বাচলের ওই বাড়িতে অভিযান শুরু হয়। অভিযানে ৮৫ জনকে আটক করা হয়। তাঁদের মধ্যে ২৬ জন নারী ও ৫৯ জন পুরুষ। এ সময় পাঁচ বোতল মদ ও বিপুল পরিমাণ সিনথেটিক মাদক জব্দ করা হয়।
ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম মঙ্গলবার বিকেল ৪টার দিকে আটকের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বাড়িটির মালিক অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহির। তিনি বাড়িটি ভাড়া দিয়েছিলেন। ভাড়াটিয়ারা সেখানে নিয়মিত ডিজে পার্টির আয়োজন করতেন। এসব পার্টিতে লোকজনকে আমন্ত্রণ জানাতে অনলাইনে বিজ্ঞাপনও দেওয়া হতো।
এদিকে আটকদের বিরুদ্ধে কী ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে, সে বিষয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বিস্তারিত জানায়নি। জব্দ করা সিনথেটিক মাদকের ধরন ও পরিমাণ সম্পর্কেও আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।


