শারদীয় দুর্গাপূজার আয়োজনে দেশের সর্বস্তরের ও সর্বধর্মের মানুষের অংশগ্রহণ সমাজে জাতীয় ঐক্যের এক নতুন ও অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে চট্টগ্রাম নগরীর ঐতিহাসিক জে এম সেন হল প্রাঙ্গণে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ চট্টগ্রাম মহানগরের আয়োজনে দুর্গাপূজার সুধী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু বলেন, অতীতে বহুবার দুর্গাপূজার উৎসবে এলেও এবারের আবহ সম্পূর্ণ ভিন্ন ও আনন্দমুখর। দীর্ঘ সময় ধরে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ, পেশাজীবী ও সাধারণ মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে এই উৎসব সফল করতে যুক্ত ছিলেন। তিনি বলেন, সব জাতি ও ধর্মের মানুষকে সম্পৃক্ত না করে একটি রাষ্ট্র আধুনিক হতে পারে না। প্রধানমন্ত্রী তারেক রহমান একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর, যেখানে জাতি-ধর্ম নির্বিশেষে সবাই সমান অধিকার উপভোগ করবে।
বর্তমান সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচির কথা তুলে ধরে তিনি জানান, এ বছর ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান করা হচ্ছে; যেখানে ধর্ম-বর্ণের ভিত্তিতে কোনো বৈষম্য করা হবে না। পাশাপাশি ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত ও মন্দির-মসজিদসহ সব ধর্মীয় প্রতিষ্ঠানের কল্যাণ নিশ্চিত করা হচ্ছে।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভূমি ও পার্বত্য বিষয়কমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনসহ শীর্ষ প্রশাসনিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


