ধর্মের ভিত্তিতে কোনো ধরনের বৈষম্য নয়, বরং দেশের প্রত্যেক নাগরিকের সমান অধিকার ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রতিজ্ঞাবদ্ধ বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সাথে সনাতন ধর্মাবলম্বীদের কোনো দলের 'ভোটব্যাংক' হিসেবে ব্যবহার করার রাজনীতি বন্ধের আহ্বান জানান তিনি।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে চট্টগ্রাম নগরীর ঐতিহাসিক জে এম সেন হল প্রাঙ্গণে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগরের পূজামণ্ডপে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে এক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ১৯৭১ সালের বীর মুক্তিযোদ্ধা থেকে শুরু করে ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলন পর্যন্ত দেশের সব ধর্মের মানুষ রক্ত দিয়েছেন। তাই স্বাধীন বাংলাদেশে কেউ সংখ্যালঘু নয়, সবার প্রধান পরিচয় ‘বাংলাদেশি নাগরিক’। কোনো বিশেষ গোষ্ঠীর রাজনৈতিক অস্ত্র বা ভোটব্যাংক না হয়ে নিজেদের সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার নিয়ে মাথা উঁচু করে বাঁচার পরামর্শ দেন তিনি।
পূজা উদযাপনে সরকারের সহায়তার কথা উল্লেখ করে তিনি জানান, এ বছর পূজামণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি অনুদান বরাদ্দ বাড়ানো হয়েছে এবং পূজার ছুটিও বৃদ্ধি করা হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের দখল হওয়া সম্পত্তি উদ্ধার ও নির্যাতনের বিচার নিশ্চিতে সরকার কাজ করছে জানিয়ে তিনি যেকোনো হুমকি বা অপপ্রচার এড়িয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, বিএনপির রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী, চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনসহ শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


