...|...|...

রাজনীতি

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের অপেক্ষায় দেশবাসী: নাহিদ ইসলাম

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, রাত ১১:১৬
Shares
স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের অপেক্ষায় দেশবাসী: নাহিদ ইসলাম

ছবি: সংগৃহীত

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ হয়েছেন বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। তিনি বলেছেন, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদত্যাগের পর এবার স্বরাষ্ট্রমন্ত্রী কবে পদত্যাগ করবেন, তা দেখার অপেক্ষায় রয়েছে দেশবাসী।

সোমবার (১৯ অক্টোবর) সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর পূর্ব বাড্ডার নিমতলা কালীমন্দির পরিদর্শনকালে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে পদত্যাগ করতে হয়েছে। অথচ আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য প্রধানত দায়ী স্বরাষ্ট্রমন্ত্রীকে কোনো ধরনের জবাবদিহির আওতায় আনা হচ্ছে না। তার অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রী নিজের দায়িত্ব পালনে ব্যর্থ হয়ে সংবিধান নিয়ে ব্যস্ত রয়েছেন।

ইশরাক হোসেনের প্রসঙ্গ টেনে এনসিপির আহ্বায়ক বলেন, তার বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগ থাকলে আইন প্রয়োগকারী সংস্থার উচিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া। একই সাথে ‘মিষ্টি’ পদত্যাগ করার পরও তাকে গ্রেফতার করা হয়নি বলে অভিযোগ করেন তিনি।

নাহিদ ইসলামের ভাষ্য, একজন ব্যক্তির ইচ্ছা-অনিচ্ছা কিংবা নির্দেশনার ভিত্তিতে দেশ পরিচালিত হওয়া গণতন্ত্র ও আইনের শাসনের দৃষ্টান্ত হতে পারে না।

সংবিধান সংশোধন কমিটি নিয়েও সমালোচনা করেন বিরোধীদলীয় চিফ হুইপ। তিনি অভিযোগ করেন, সংবিধান সংশোধনের নামে সরকার এখনো নাটক করছে। তার দাবি, কমিটিকে জনগণ প্রত্যাখ্যান করেছে এবং দলীয় ঘরানার বুদ্ধিজীবীদের নিয়ে বৈঠক করে বিএনপি নিজেদের অবস্থান অনুযায়ী সংস্কারের পক্ষে-বিপক্ষে বক্তব্য তুলে ধরছে। এ ধরনের কর্মকাণ্ডকে তিনি জনগণের সাথে প্রহসন বলে মন্তব্য করেন।

মন্দির পরিদর্শনকালে নাহিদ ইসলামের সাথে উপস্থিত ছিলেন এনসিপির মুখপাত্র ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ দলের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা।