...|...|...

রাজনীতি

‘পাপের লাশ বাংলাদেশে আসুক চাই না’ মন্তব্য প্রত্যাহার, ক্ষমা চাইলেন এমপি রতন

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৭:০৮
Shares
‘পাপের লাশ বাংলাদেশে আসুক চাই না’ মন্তব্য প্রত্যাহার, ক্ষমা চাইলেন এমপি রতন

ছবি: সংগৃহীত

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর নিয়ে টেলিভিশনের একটি আলোচনা অনুষ্ঠানে দেওয়া মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা কামরুজ্জামান রতন। একই সাথে বিতর্কিত বক্তব্যটি নিঃশর্তভাবে প্রত্যাহার করে সবার কাছে ক্ষমা চেয়েছেন তিনি।

সোমবার (১৯ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে এ কথা জানান সংসদ সদস্য।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়টি নিয়ে আলোচনার সময় কামরুজ্জামান রতন বলেন, ‘আমি এই পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না।’ তার এ বক্তব্য প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়। বিশেষ করে প্রবাসী বাংলাদেশি ও নিহতদের পরিবারের সদস্যদের মধ্যে এ নিয়ে অসন্তোষ দেখা দেয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিবৃতিতে কামরুজ্জামান রতন বলেন, টেলিভিশন আলোচনায় ঘটনাটি নিয়ে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কথা বলতে গিয়ে আবেগের বশে তিনি ওই মন্তব্য করেছিলেন। তবে বক্তব্যটি দেওয়া তার ঠিক হয়নি বলে স্বীকার করেন তিনি।

নিজের মন্তব্য প্রত্যাহারের ঘোষণা দিয়ে এই সংসদ সদস্য জানান, তার কথায় নিহত ব্যক্তিদের স্বজন এবং প্রবাসী বাংলাদেশিরা যে কষ্ট পেয়েছেন, সে জন্য তিনি আন্তরিকভাবে দুঃখিত। একই সাথে সংশ্লিষ্ট সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন।

বিবৃতিতে তিনি আরও বলেন, মানুষের ভুল হতে পারে। ভুল বুঝতে পেরে ক্ষমা চাওয়ার সুযোগকে তিনি মহান আল্লাহর বিশেষ নেয়ামত হিসেবে উল্লেখ করেন। নিজের বক্তব্যের জন্য পুনরায় দুঃখ প্রকাশ করে সেটি সম্পূর্ণভাবে প্রত্যাহার করেন কামরুজ্জামান রতন।