...|...|...

সারাদেশ

নিজ দলের কর্মী ছাড়া জামায়াত কাউকে ভিক্ষাও দেয় না: এমপি খোকন

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৬:৩০
Shares
নিজ দলের কর্মী ছাড়া জামায়াত কাউকে ভিক্ষাও দেয় না: এমপি খোকন

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন। ছবি: টাইমস টুডে

‘জামায়াত ১৮ কোটি মানুষের জন্য কাজ করে না। সাধারণ মানুষ বলে, জামায়াতের কর্মী ছাড়া জামায়াত কাউকে ভিক্ষাও দেয় না। তারা কোনো রাজনৈতিক দল নয়, একটি সমিতি।’ বাংলাদেশ জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে এমন মন্তব্য করেছেন মাদারীপুর-৩ (কালকিনি-ডাসার) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন।

সোমবার (১৯ অক্টোবর) বিকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাদারীপুরের কালকিনি উপজেলার ২৩টি পূজামণ্ডপ পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জামায়াতের সমালোচনা করে খোকন তালুকদার আরও বলেন, দলটির কর্মকাণ্ড তাদের নিজস্ব কর্মী ও সমর্থকদের ঘিরেই পরিচালিত হয়। সাধারণ মানুষের জন্য তাদের কার্যক্রমের পরিধি নিয়ে প্রশ্ন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থা নিয়ে সংসদ সদস্য বলেন, স্থানীয় প্রশাসন অত্যন্ত সুন্দরভাবে পূজামণ্ডপগুলোর নিরাপত্তার দায়িত্ব পালন করছে। কালকিনি উপজেলার প্রতিটি পূজামণ্ডপে গিয়ে তারা খোঁজখবর নিচ্ছেন। সনাতন ধর্মাবলম্বীরা তাদের পাশে পেয়ে আনন্দিত ও উচ্ছ্বসিত। পর্যায়ক্রমে প্রতিটি মন্দির ও পূজামণ্ডপ পরিদর্শন করা হবে বলেও জানান তিনি।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিশোর কুমার দাস, কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গাউছ-উর রহমানসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।