...|...|...

রাজনীতি

ক্ষমতার জন্য বিএনপির সাথে থাকলেও জামায়াতের মনে আওয়ামী লীগ: রিজভী

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৬:০৯ | আপডেট: ১৮ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৭:৪০
Shares
ক্ষমতার জন্য বিএনপির সাথে থাকলেও জামায়াতের মনে আওয়ামী লীগ: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামী ক্ষমতার স্বার্থে বিএনপির সাথে থাকলেও দলটির মনোজগতে আওয়ামী লীগ রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

রবিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান আফসার আহমদ সিদ্দিকীর ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, বিএনপিকে দেশের মানুষ চেনে। দলটি যে প্রতিশ্রুতি দেয়, তা থেকে সরে আসে না। অন্যদিকে জামায়াতে ইসলামী বিভিন্ন প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তার বিপরীত কাজ করেছে বলে অভিযোগ করেন তিনি।

বিএনপির এই নেতা আরও বলেন, আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়ার কথা বিএনপি কখনো বলেনি। অথচ যারা বিএনপিকে ফ্যাসিবাদের পথে হাঁটার অভিযোগ করছে, তারাই আওয়ামী লীগকে ক্ষমা করে দিতে চেয়েছিল বলে মন্তব্য করেন তিনি।

জামায়াতে ইসলামীর গণতান্ত্রিক চেতনা নিয়েও প্রশ্ন তোলেন রিজভী। তিনি বলেন, দলটির মধ্যে গণতান্ত্রিক চেতনা রয়েছে কি না, তা তার জানা নেই। জনগণ এখনো জামায়াতকে সন্দেহের চোখে দেখে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।

অনুষ্ঠানে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান আফসার আহমদ সিদ্দিকীর রাজনৈতিক জীবন ও অবদানের স্মৃতিচারণা করা হয়। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ সভায় আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।