আগামী বছর দেশে উৎপাদিত বিদ্যুৎ সংরক্ষণ করার মতো জায়গা থাকবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। একই সাথে দেশে বিদ্যুৎকেন্দ্র স্থাপন ও বিদ্যুতের বিল কমানোর বিষয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সমালোচনা করেন তিনি।
রবিবার (১৮ অক্টোবর) দুপুরে বরগুনার বেতাগী উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে উন্নয়ন ও আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চিফ হুইপ।
বক্তব্যে নুরুল ইসলাম মনি বলেন, শেখ হাসিনার আমলে নির্মিত বিদ্যুৎকেন্দ্রগুলোতে মেশিন নেই। তার অভিযোগ, অর্থ আত্মসাতের উদ্দেশ্যে এসব বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হয়েছিল। এ কারণে বর্তমানে বিদ্যুতের বিল কমানোর ক্ষেত্রে সরকারের সামনে নানা সীমাবদ্ধতা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
দেশের সাম্প্রদায়িক পরিস্থিতি প্রসঙ্গে চিফ হুইপ দাবি করেন, গত দুই বছরে দেশে সাম্প্রদায়িক দাঙ্গার কোনো ঘটনা ঘটেনি। তিনি বলেন, বাংলাদেশে কেউ সংখ্যালঘু নন; এ দেশের সবাই নাগরিক এবং সবার অধিকার সমান।
সভা শেষে নুরুল ইসলাম মনি বেতাগী উপজেলার ৩৭টি অসহায় ও দুস্থ পরিবারের প্রত্যেককে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেন। এ ছাড়া দুর্গাপূজা উপলক্ষে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে নগদ অর্থ ও জিআর চাল বিতরণ করেন তিনি।


