...|...|...

বিশ্ব

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পরও যুদ্ধ চায় ইরান: ট্রাম্প

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, সকাল ১০:১০
Shares
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পরও যুদ্ধ চায় ইরান: ট্রাম্প

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধ আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পরও অব্যাহত থাকুক, এটাই তেহরানের ‘স্বপ্ন’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুদ্ধ খুব দ্রুত শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। যুদ্ধ শেষ হলে আন্তর্জাতিক বাজারে তেলের দামও দ্রুত কমে আসবে বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট।

বুধবার (২১ অক্টোবর) সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, নর্থ ক্যারোলাইনার গ্রিনভিলে এক নির্বাচনী প্রচারণায় সমর্থকদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন ট্রাম্প।

তিনি বলেন, ‘এটি খুব দ্রুতই শেষ হয়ে যাবে। যুদ্ধ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই—আর তা যেভাবেই হোক, খুব দ্রুতই শেষ হবে—তেলের দাম হুড়মুড় করে কমে যাবে।’

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন আগামী নভেম্বর মাসে অনুষ্ঠিত হওয়ার কথা। সেই নির্বাচনের পরও যুদ্ধ চলতে থাকুক—ইরান এমনটাই চায় বলে দাবি করেছেন তিনি। তবে তাঁর এ দাবির পক্ষে বক্তব্যে বিস্তারিত কোনো প্রমাণ তুলে ধরেননি।

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও বক্তব্য দেন ট্রাম্প। তাঁর ভাষ্য, ইরানের হাতে পারমাণবিক অস্ত্র পৌঁছানো ঠেকানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্য অর্জনের বিনিময়ে জ্বালানি তেলের বাড়তি দাম মেনে নেওয়াকে সামান্য মূল্য হিসেবে দেখছেন তিনি।

ট্রাম্প বলেন, ‘বিশ্বের এক নম্বর রাষ্ট্রীয় সন্ত্রাস-পৃষ্ঠপোষক দেশটির হাতে পারমাণবিক অস্ত্র পৌঁছানো ঠেকানোর বিনিময়ে তেলের বাড়তি দাম দেওয়াটা খুবই সামান্য একটি মূল্য।’