...|...|...

বিশ্ব

ফের কিম জং উনের মৃত্যুর গুঞ্জন, নেপথ্যে যে কারণ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, রাত ১১:১৭
Shares
ফের কিম জং উনের মৃত্যুর গুঞ্জন, নেপথ্যে যে কারণ

ছবি: সংগৃহীত

মস্তিষ্কে গুরুতর রক্তক্ষরণ ও কোয়ায় গিয়ে উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের মৃত্যুর গুঞ্জন নাকচ করে দিল দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সুস্থ অবস্থায় জনসমক্ষে দেখা গেছে ৪২ বছর বয়সী এই স্বৈরশাসককে।

মঙ্গলবার (২০ অক্টোবর) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদপত্র ‘রোদং সিনমুন’-এ প্রকাশিত ছবিতে দেখা যায়, কিম জং উন তার ১৩ বছর বয়সী মেয়ে কিম জু আয়েকে সঙ্গে নিয়ে একটি পোশাক ও জুতার প্রদর্শনী ঘুরে দেখছেন। ছবিগুলোতে তাকে বেশ সুস্থ ও স্বাভাবিক দেখাচ্ছে।

যুক্তরাষ্ট্রে বসবাসরত চীনা ভিন্নমতাবলম্বী এবং ‘চীনা ডেমোক্রেটিক পার্টি’র বিতর্কিত নেতা ওয়ানজুন শিয়ে সম্প্রতি কোনো প্রমাণ ছাড়াই দাবি করেছিলেন, কিমের মস্তিষ্কে রক্তক্ষরণ হলে তাকে গোপনে বেইজিংয়ে চিকিৎসার জন্য নেওয়া হয় এবং সেখানে তার মৃত্যু হয়েছে। এই খবর ছড়িয়ে পড়ার কয়েক ঘণ্টার মধ্যেই রাষ্ট্রীয় গণমাধ্যমে কিমের ছবিগুলো প্রকাশ করা হয়।

দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা জাতীয় গোয়েন্দা সংস্থা (এনআইএস) ও বার্তা সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, কিমের মৃত্যু বা গুরুতর অসুস্থতার খবর সমর্থন করে এমন কোনো তথ্য বা অস্বাভাবিক সামরিক তৎপরতা তাদের কাছে নেই। এর আগেও ২০২০ সালে হৃৎপিণ্ডের অস্ত্রোপচারের পর কিমের মৃত্যুর খবর ছড়ালেও তা পরে মিথ্যা প্রমাণিত হয়েছিল।

তিন প্রজন্ম ধরে শাসন করা উত্তর কোরিয়ায় কিম জং উনের ধূমপান ও স্থূলতার কারণে শারীরিক অবস্থা নিয়ে আন্তর্জাতিক মহলে সবসময়ই উদ্বেগ থাকে। তার আকস্মিক কিছু ঘটে গেলে পারমাণবিক অস্ত্রের নিয়ন্ত্রণ ও ক্ষমতার চরম অনিশ্চয়তা তৈরি হতে পারে বলে প্রতিবেশী দেশগুলো এবং যুক্তরাষ্ট্র নিবিড় নজর রাখছে। তবে সাম্প্রতিক তথ্য ও প্রকাশিত ছবি প্রমাণ করে, কিমের মৃত্যুর খবরটি মূলত একটি ভিত্তিহীন গুজব ছিল।