...|...|...

বিশ্ব

এক যুগের অপেক্ষা শেষে চালু চীন-উত্তর কোরিয়া সেতু

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, সকাল ৯:৫০ | আপডেট: ১৫ অক্টোবর ২০২৬, সকাল ১০:১০
Shares
এক যুগের অপেক্ষা শেষে চালু চীন-উত্তর কোরিয়া সেতু

ছবি: সংগৃহীত

দীর্ঘ ১২ বছর বিলম্বের পর চীন ও উত্তর কোরিয়ার মধ্যে সংযোগকারী নতুন সড়ক সেতু চালু হয়েছে। বৃহস্পতিবার চালু হওয়া ‘নিউ ইয়ালু রিভার ব্রিজ’ দুই দেশের মধ্যে বাণিজ্য ও যোগাযোগ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রায় তিন কিলোমিটার দীর্ঘ সেতুটি চীনের সীমান্ত শহর দানদং থেকে উত্তর কোরিয়ার সিনুইজু পর্যন্ত বিস্তৃত। ভবিষ্যতে দুই দেশের মধ্যে বাণিজ্যের অন্যতম প্রধান স্থলপথ হয়ে উঠতে পারে এটি।

২০১৪ সালে সেতুটি চালুর পরিকল্পনা ছিল। তবে ওই সময় বেইজিং ও পিয়ংইয়ংয়ের সম্পর্কে টানাপোড়েন দেখা দেওয়ায় উত্তর কোরিয়া সেতুর সংযোগ সড়ক ও শুল্ক অবকাঠামো নির্মাণের কাজ বন্ধ করে দেয়। ফলে দীর্ঘদিন আটকে ছিল এর উদ্বোধন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বুধবার বলেন, নতুন সেতুটি দুই প্রতিবেশী দেশের মধ্যে যোগাযোগের গুরুত্বপূর্ণ অবকাঠামো। এটি বাণিজ্য এবং দুই দেশের জনগণের পারস্পরিক আদান-প্রদান সহজ করবে।

চীনের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার উত্তর কোরিয়া। গত বছর দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ছিল ২৭০ কোটি ডলার। তবে এই বাণিজ্যের বড় অংশই ছিল চীন থেকে উত্তর কোরিয়ায় পণ্য রপ্তানি।

বিশেষজ্ঞদের মতে, নতুন সেতু চালুর মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হওয়ার ইঙ্গিত মিলেছে। তবে উত্তর কোরিয়ার ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা বহাল থাকায় সীমান্ত বাণিজ্য দ্রুত বাড়ার সম্ভাবনা কম।

এদিকে, কয়েক দশক পুরনো চীন-কোরিয়া মৈত্রী সেতুর বিকল্প হিসেবেও কাজ করবে নতুন সেতুটি। সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের মধ্যে বিমান ও রেল যোগাযোগ পুনরায় চালু হওয়ায় পারস্পরিক যোগাযোগ বাড়ানোর উদ্যোগ আরও জোরালো হয়েছে।