...|...|...

বিশ্ব

হুতিদের বিরুদ্ধে যুদ্ধে নেতানিয়াহুর প্রস্তাবে কেন আপত্তি সৌদি যুবরাজের

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, রাত ২:২৩ | আপডেট: ১৫ অক্টোবর ২০২৬, রাত ৩:০০
Shares
হুতিদের বিরুদ্ধে যুদ্ধে নেতানিয়াহুর প্রস্তাবে কেন আপত্তি সৌদি যুবরাজের

ছবি: সংগৃহীত

ইয়েমেনে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক অভিযানে ইসরায়েলকে যুক্ত করার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এ প্রস্তাব দিয়েছিলেন বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ। তবে ইসরায়েলের সাথে সামরিক সহযোগিতা করলে সৌদি জনগণের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হতে পারে-এমন আশঙ্কায় যুবরাজ প্রস্তাবটিতে আপত্তি জানান বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

হারেৎজের প্রতিবেদনে বলা হয়, হুতিদের বিরুদ্ধে সামরিক সহযোগিতার মাধ্যমে সৌদি আরবের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করতে চেয়েছিল নেতানিয়াহু সরকার। এর মধ্য দিয়ে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার পথও তৈরি হতে পারত।

তবে সৌদি আরবের অবস্থান, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পথ নিশ্চিত না হওয়া পর্যন্ত ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করা সম্ভব নয়। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলা এবং এরপর গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ কার্যত থমকে যায়।

এদিকে হুতিদের হামলার পর আঞ্চলিক উত্তেজনা বাড়তে থাকায় ইরান সামরিক পদক্ষেপের পরিবর্তে রাজনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছে। সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সাথে ফোনালাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সৌদি আরব ও হুতিদের মধ্যে সংলাপ এগিয়ে নিতে সহায়তার প্রস্তাব দেন।

আরাগচি বলেন, ‘সামরিক পন্থার ওপর জোর দেওয়া এবং রাজনৈতিক সমাধান উপেক্ষা করা পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে।’

সৌদি আরবের সাথে ইসরায়েলের সামরিক সহযোগিতার প্রস্তাব প্রত্যাখ্যান এবং ইরানের সংলাপের উদ্যোগ মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে নতুন কূটনৈতিক সমীকরণ তৈরি করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।