...|...|...

বিশ্ব

বিশ্ববাজারে কমলো তেলের দাম

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, সকাল ১০:৩৫
Shares
বিশ্ববাজারে কমলো তেলের দাম

ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে বৃহস্পতিবার লেনদেনের শুরুতে অপরিশোধিত তেলের দাম কমেছে। প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৩৯ ডলার এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ১ দশমিক ০২ ডলার কমেছে। হরমুজ প্রণালীতে জাহাজে হামলার কারণে সরবরাহ নিয়ে উদ্বেগ এবং তেল পরিবহনের ব্যয় কমাতে যুক্তরাষ্ট্রের নেওয়া পদক্ষেপের প্রভাবে বাজারে এ দরপতন দেখা গেছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সংবাদমাধ্যম আল-জাজিরা জানায় গ্রিনিচ মান সময় রাত ১টা ১৬ মিনিটে ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম ১ দশমিক ৩১ শতাংশ কমে প্রতি ব্যারেল ১০৪ দশমিক ৬৭ ডলারে নেমে আসে। একই সময়ে ডব্লিউটিআই ক্রুড ফিউচারের দাম ১ দশমিক ০৭ শতাংশ কমে দাঁড়ায় ৯৪ দশমিক ০৭ ডলারে। এর ফলে আগের সেশনে ডব্লিউটিআইয়ের দামের যে বৃদ্ধি হয়েছিল, তা মুছে যায়।

এর আগের সেশনে ডব্লিউটিআইয়ের দাম তিন সপ্তাহের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর সদর দপ্তরে হুথিদের হামলা এবং হরমুজ প্রণালীতে জাহাজ লক্ষ্য করে নতুন কৌশল প্রয়োগের ইরানি ঘোষণায় সরবরাহ নিয়ে উদ্বেগ বেড়েছিল।

এদিকে, সামুদ্রিক কর্মকর্তাদের বরাতে জানা গেছে, বুধবারের আগের ২৪ ঘণ্টায় হরমুজ প্রণালীর কাছাকাছি পৃথক দুটি ঘটনায় একটি কনটেইনার জাহাজ ও একটি শুকনো পণ্যবাহী জাহাজ হামলার শিকার হয়ে ডুবে গেছে।

গত ১০ দিনে এই জলপথের আশপাশে জাহাজে হামলার ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ইরান জানিয়েছে, দেশটির বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের অবরোধ এবং গত মাসে আরোপ করা কঠোর নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় তারা হামলার মাত্রা বাড়িয়েছে।

হরমুজ প্রণালী বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথগুলোর একটি। ফলে এই অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতির অবনতি তেলের সরবরাহ ও দামে অনিশ্চয়তা তৈরি করছে।