ইয়েমেন থেকে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার সংখ্যা বেড়ে যাওয়ায় সৌদি আরবে ভ্রমণ সতর্কতা জোরদার করেছে জাপান। দেশটির বিভিন্ন অঞ্চলে সতর্কতার মাত্রা বাড়ানোর ফলে এখন পুরো সৌদি আরবেই জরুরি প্রয়োজন ছাড়া ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে।
সংবাদমাধ্যম আল-জাজিরা বলছে, বুধবার (১৪ অক্টোবর) প্রকাশিত হালনাগাদ নির্দেশনায় জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির চার ধাপের সতর্কতা ব্যবস্থায় সৌদি আরবের উত্তর ও পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি এলাকার সতর্কতার মাত্রা ১ থেকে বাড়িয়ে ২ করা হয়েছে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ৫ অক্টোবর থেকে হুথিদের হামলার ঘটনা বেড়েছে। এর মধ্যে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় ১৩ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হয়েছেন বলে জানানো হয়েছে।
ইয়েমেন সীমান্তসংলগ্ন এলাকাগুলোতে সতর্কতার মাত্রা ৩ বহাল রয়েছে। এসব এলাকায় জাপানি নাগরিকদের সব ধরনের ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
এ ছাড়া সৌদি আরবের বিমানবন্দর ব্যবহার এবং সেগুলোর আশপাশে যাতায়াত এড়িয়ে চলতে ভ্রমণকারীদের আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়। ইয়েমেনে সংঘাত অব্যাহত থাকায় সৌদি আরবে আরও হামলা হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।
সৌদি আরব ভ্রমণের পরিকল্পনা করা জাপানি নাগরিকদের সফর স্থগিত করার বিষয়টি বিবেচনা করতে পরামর্শ দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।


