সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন থেকে প্রতি মাসে অতিরিক্ত ২ লাখ টন ডিজেল সরবরাহের প্রতিশ্রুতি পেয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। উপসাগরীয় দেশগুলো সফরের সময় এ প্রতিশ্রুতি আদায় করেন তিনি। নতুন এই সরবরাহ যুক্ত হলে সৌদি আরবসহ তিন দেশ থেকে প্রতি মাসে ফ্রান্সের জন্য মোট ২ লাখ ৯৫ হাজার টন ডিজেল নিশ্চিত হবে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে ফরাসি প্রেসিডেন্সির বরাত দিয়ে জানানো হয়েছে, সংযুক্ত আরব আমিরাত সফরে ম্যাক্রোঁ প্রতি মাসে প্রায় ১ লাখ টন ডিজেল সরবরাহের প্রতিশ্রুতি পেয়েছেন। সফরের পরবর্তী গন্তব্য বাহরাইন থেকেও একই পরিমাণ ডিজেল সরবরাহের আশ্বাস দেওয়া হয়েছে।
এর আগে সৌদি আরব থেকেও ডিজেল সরবরাহের প্রতিশ্রুতি পেয়েছিল ফ্রান্স। আমিরাত ও বাহরাইনের নতুন প্রতিশ্রুতি যুক্ত হলে তিনটি উপসাগরীয় দেশ থেকে মাসে মোট ২ লাখ ৯৫ হাজার টন ডিজেল পাবে দেশটি। ফরাসি প্রেসিডেন্সির হিসাব অনুযায়ী, এই পরিমাণ জ্বালানি ফ্রান্সের মোট মাসিক ডিজেল ব্যবহারের ১০ শতাংশের কিছু বেশি।
আন্তর্জাতিক জ্বালানি বাজারে অনিশ্চয়তা এবং মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে সরবরাহব্যবস্থায় চাপ তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে উপসাগরীয় দেশগুলোর সাথে যোগাযোগ বাড়াচ্ছে প্যারিস। ম্যাক্রোঁর এই সফরকে ফ্রান্সের জ্বালানি সরবরাহের উৎস শক্তিশালী করার প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে।
নতুন প্রতিশ্রুতি অনুযায়ী নিয়মিত ডিজেল সরবরাহ শুরু হলে ফ্রান্সের চাহিদার একটি উল্লেখযোগ্য অংশ উপসাগরীয় দেশগুলো থেকে পূরণ করা সম্ভব হবে। তবে প্রতিশ্রুত সরবরাহ বাস্তবে কতটা নিয়মিত বজায় থাকে এবং আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি কোন দিকে যায়, তার ওপর দেশটির জ্বালানি নিরাপত্তার অগ্রগতি নির্ভর করবে।


