...|...|...

বিশ্ব

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আরও কঠোর আঘাত হানার হুঁশিয়ারি ইরানের

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৮ নভেম্বর ২০২৬, বিকেল ৫:১১
Shares
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আরও কঠোর আঘাত হানার হুঁশিয়ারি ইরানের

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সাথে সামরিক ও অর্থনৈতিক যুদ্ধ অব্যাহত রয়েছে জানিয়ে আরও কঠোর পাল্টা আঘাত হানার হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। বাহিনীটির মুখপাত্র সরদার মোহেবি বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের কোনো জাহাজে হামলা চালালে তার চেয়েও কঠোর জবাব দেওয়া হবে।

ইরানের ফার্স বার্তা সংস্থাকে দেওয়া এক বক্তব্যে মোহেবি বলেন, “আমাদের ও শত্রুপক্ষের মধ্যে সামরিক ও অর্থনৈতিক—উভয় দিক থেকেই যুদ্ধ অব্যাহত রয়েছে। স্বাভাবিকভাবেই, যুদ্ধের মধ্যে তারা হয়তো আমাদের কোনো জাহাজে আঘাত হানতে পারে। তবে আমরা তার চেয়েও কঠোর জবাব দেব।”

ইরানের স্থলসীমান্ত ঘিরে যুক্তরাষ্ট্রের নতুন ‘আয়রন গেট’ সামরিক অবরোধ পরিকল্পনারও কঠোর সমালোচনা করেন আইআরজিসির এই মুখপাত্র। তাঁর দাবি, ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়াতে ওয়াশিংটন যে পদক্ষেপই নিক না কেন, তা সফল হবে না।

মোহেবি বলেন, “আমেরিকা যে ধরনের অর্থনৈতিক অবরোধ আরোপ করতে চাইছে, তা তারা কখনোই সফল করতে পারবে না—সেটি যে রূপই নিক না কেন।”

এদিকে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, ইরানের স্থলপথে পণ্য ও অস্ত্র সরবরাহ নিয়ন্ত্রণে ২০ সদস্যের একটি বিশেষ টাস্কফোর্স গঠনের পরিকল্পনা রয়েছে তাদের। এই বাহিনীর কাজ হবে ইরানে প্রবেশের স্থলপথগুলো শনাক্ত করা এবং সেসব পথে অস্ত্র ও অবৈধ সামগ্রীর পাচার বন্ধ করা।

নতুন এই পরিকল্পনার মাধ্যমে ইরানের বন্দরগুলোতে বিদ্যমান মার্কিন নৌ-অবরোধের পরিধি স্থলসীমান্ত পর্যন্ত সম্প্রসারণ করতে চায় ওয়াশিংটন।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আট মাস ধরে চলমান সংঘাতের মধ্যেই নতুন এই সামরিক পরিকল্পনার কথা সামনে এসেছে। সংঘাতের জেরে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্যপথ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল সীমিত করেছে তেহরান। এতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা বাধাগ্রস্ত হচ্ছে।