যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য নিউ মেক্সিকোর নাভাজো নেশনে ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় ভেসে গিয়ে দুই প্রাপ্তবয়স্ক ও এক শিশুসহ তিনজন মারা গেছেন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় আদিবাসী কর্তৃপক্ষ এই মর্মান্তিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শোক প্রকাশ করেছে। খবর আল জাজিরার।
নাভাজো নেশনের প্রেসিডেন্ট বুউ নাগ্রেন জানান, নিউ মেক্সিকোর উত্তর-পশ্চিমাঞ্চলের নিউকম সম্প্রদায়ের কাছাকাছি এলাকায় প্রবল পানির স্রোতে মানুষ ভেসে যাওয়ার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। এই দুর্ঘটনায় তিনজনের প্রাণহানির ঘটনায় গভীর সমবেদনা জানিয়ে প্রেসিডেন্ট নাগ্রেন স্থানীয় বাসিন্দাদের বৃষ্টিপাতে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে অত্যন্ত সতর্কতার সাথে চলাচলের পরামর্শ দিয়েছেন।
তিনি এক শোকবার্তায় বলেন, হঠাৎ প্রিয়জনকে হারানোর এই বেদনা লাঘব করার মতো কোনো ভাষা নেই, আর তিনটি জীবন ঝরে গেছে জেনেই আমাদের হৃদয় ভারাক্রান্ত হয়ে উঠেছে। আজ যারা শোকাহত, সেই পরিবার ও স্বজনদের প্রতি আমরা গভীর সমবেদনা জানাই। সামনের কঠিন দিনগুলোতে পরিবার ও সমাজের ভালোবাসায় আপনারা শক্তি ও সান্ত্বনা খুঁজে পান—এই প্রার্থনাই করছি।
নিউ মেক্সিকোর আলবুকার্কে অবস্থিত ন্যাশনাল ওয়েদার সার্ভিস গত মঙ্গলবার একটি বিশেষ বুলেটিন প্রকাশ করে সামনের দিনগুলোতে দেশজুড়ে ব্যাপক বজ্রঝড়ের আশঙ্কা প্রকাশ করেছিল। বুধবারও তারা একই সতর্কবার্তা পুনর্ব্যক্ত করে জানিয়েছে যে, সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের জন্য বাতাসের আর্দ্রতা বা ময়েশ্চার লেভেল রেকর্ড পরিমাণে থাকার সম্ভাবনা রয়েছে।
বুধবার এনডব্লিউএস আলবুকার্কে তাদের সামাজিক মাধ্যম অ্যাকাউন্টে এক পোস্টে জানায়, আজ নিউ মেক্সিকোর পশ্চিমাঞ্চল এবং দক্ষিণ-মধ্য পাহাড়ি অঞ্চলে ফ্ল্যাশ ফ্লাড ওয়াচ বা আকস্মিক বন্যার সতর্কতা কার্যকর রয়েছে। তবে আজ নিউ মেক্সিকোর কেন্দ্র ও উত্তরাঞ্চলের যেকোনো স্থানেই ফ্ল্যাশ ফ্লাড বা আকস্মিক বন্যা আঘাত হানতে পারে।
আগামী বৃহস্পতিবার পর্যন্ত অ্যারিজোনা, নিউ মেক্সিকো, কলোরাডো এবং ইউটার বিভিন্ন অংশে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তর-পশ্চিম নিউ মেক্সিকোর কিছু এলাকার জন্য আকস্মিক বন্যার সতর্কতা এবং মধ্য ও উত্তর অ্যারিজোনার বড় বড় এলাকার জন্য বন্যার নজরদারি জারি করা হয়েছে।
এর আগে, অ্যারিজোনার জনপ্রিয় পর্যটন কেন্দ্র গ্র্যান্ড ক্যানিয়নে ভারী বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় তিনজন হাইকার বা পদচারী ভেসে যাওয়ার এবং বহু মানুষকে উদ্ধার করার ঘটনার কয়েক সপ্তাহ পরই এই প্রাণহানির ঘটনা ঘটল।


