কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত অগ্রগতির সাথে এর সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তাব্যবস্থার উন্নয়নও এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। এআই নিরাপত্তার ক্ষেত্রে দেশগুলোর মধ্যে এমন প্রতিযোগিতা তৈরি করা যাবে না, যাতে নিরাপত্তার মান ক্রমেই নিচে নেমে যায় বলেও সতর্ক করেছেন তিনি।
বুধবার (১৬ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের আগে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন গুতেরেস।
জাতিসংঘ মহাসচিব বলেন, টেকসই উন্নয়নকে ত্বরান্বিত করা, শিক্ষার সুযোগ বাড়ানো, স্বাস্থ্যব্যবস্থার সক্ষমতা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় এআইয়ের বড় ধরনের সম্ভাবনা রয়েছে।
তবে একই সাথে এআই প্রযুক্তির বিকাশের গতি নিয়ে উদ্বেগের কথাও তুলে ধরেন তিনি। গুতেরেস বলেন, এআই তৈরি ও উন্নয়নের সাথে যুক্ত অনেকেই এখন সম্ভাব্য ঝুঁকি নিয়ে সতর্ক করছেন। তাদের আশঙ্কা, প্রযুক্তির অগ্রগতি এর ঝুঁকি সম্পর্কে মানুষের বোঝাপড়ার তুলনায় অনেক দ্রুত এগিয়ে যাচ্ছে।
এআইকে ঘিরে ভূরাজনৈতিক বিভাজন ও প্রতিযোগিতার বিষয়েও সতর্ক করেন জাতিসংঘ মহাসচিব। তার ভাষায়, এআই নিরাপত্তার ক্ষেত্রে বিশ্ব ‘নিচের দিকে দৌড়’ করার মতো পরিস্থিতি মেনে নিতে পারে না।
গুতেরেস বলেন, এআইয়ের ওপর মানুষের আস্থা তৈরি করতে কার্যকর নিরাপত্তা কাঠামো বা ‘গার্ডরেল’ প্রয়োজন। এসব ব্যবস্থার মাধ্যমে এআইকে নিরাপদ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাখতে হবে। একই সাথে প্রযুক্তির ব্যবহারে মানবিক মর্যাদাকে কেন্দ্রীয় বিষয় হিসেবে বিবেচনায় রাখার ওপরও গুরুত্ব দেন তিনি।
তিনি আরও জানান, আগামী সপ্তাহে বিশ্বনেতাদের সাথে আলোচনায় এআই গুরুত্বপূর্ণ একটি বিষয় হবে। জাতিসংঘ এআই নিয়ে বাস্তবভিত্তিক বিভিন্ন উদ্যোগ ও পদ্ধতি নিয়ে কাজ চালিয়ে যাবে বলেও জানান তিনি।
এ ছাড়া এআই নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলনের সম্ভাবনার বিষয়ে গুতেরেস বলেন, যথাযথ প্রস্তুতি নিয়ে সঠিক সময়ে এমন একটি বৈশ্বিক সম্মেলন আয়োজনের যৌক্তিকতা রয়েছে। তবে আগামী সপ্তাহের সাধারণ পরিষদের অধিবেশনের মধ্যেই তা আয়োজন করা সম্ভব হবে না বলে জানান তিনি।
সূত্র: আনাদোলু এজেন্সি


