...|...|...

সারাদেশ

যশোরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:৫১
Shares
যশোরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

ছবি: টাইমস টুডে গ্রাফিক্স

যশোরে শেখ আবু তালেব (৭৫) নামে এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার (১১ নভেম্বর) দুপুর ২টার দিকে সদর উপজেলার কচুয়া ইউনিয়নের মুনসেফপুর এলাকায় এ ঘটনা ঘটে। বাজার থেকে বাড়ি ফেরার পথে ধারালো অস্ত্র (হাসুয়া) দিয়ে তাকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় শফিয়ার রহমান নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে দাবি পুলিশের।

নিহত শেখ আবু তালেব মুনসেফপুর গ্রামের মৃত শেখ মোতালেবের ছেলে। তিনি কচুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ছিলেন। বর্তমানে তিনি জেলা বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আবু তালেবের বাড়িতে নির্মাণকাজ চলছিল। বুধবার দুপুরে নির্মাণসামগ্রী কিনতে তিনি রুপদিয়া বাজারে যান। সেখান থেকে বাড়ি ফেরার পথে মুনসেফপুর পশ্চিমপাড়া বড় মসজিদের সামনে পৌঁছালে একই এলাকার শফিয়ার রহমান তার ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালান। এ সময় তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়।

পরে স্থানীয় পথচারীরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনদের দাবি, আবু তালেবের সাথে কারও রাজনৈতিক বা ব্যক্তিগত বিরোধ ছিল না। কী কারণে তাকে হত্যা করা হয়েছে, তা তারা বুঝতে পারছেন না। এ ঘটনায় জড়িত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

এদিকে, হত্যাকাণ্ডের খবর পেয়ে মুনসেফপুর এলাকায় অভিযান চালিয়ে শফিয়ার রহমানকে আটক করে পুলিশ। পুলিশের দাবি, পূর্বশত্রুতার জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) মিরাজুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।