সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে বন্দিবিনিময় চুক্তি ও ইন্টারপোলের রেড নোটিশের মাধ্যমে প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন সাবেক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। তিনি বলেন, ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফিরছেন-এমন প্রচারণা রাজনৈতিক অপচেষ্টা ও প্রোপাগান্ডা ছাড়া কিছু নয়।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে ঢাকা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ইশরাক হোসেন বলেন, বন্দিবিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবি জানানো হচ্ছে। পাশাপাশি ইন্টারপোলের রেড নোটিশের মাধ্যমেও তাকে ফেরানোর প্রক্রিয়া চলছে। একজন দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে আসামি হিসেবে বাংলাদেশে ফিরিয়ে আনাই সরকারের লক্ষ্য।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ১৮ কোটি মানুষের দেশে আনসার ও ভিডিপি বাদে পুলিশের সদস্যসংখ্যা প্রায় দুই লাখ। এত বিপুল জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর করা সম্ভব নয়। এ কারণে রাজনৈতিকভাবেও পরিস্থিতি মোকাবিলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, গতকাল সংসদীয় ও দলীয় বৈঠকে প্রধানমন্ত্রী সংসদ সদস্যদের কঠোর নির্দেশনা দিয়েছেন। নিজ নিজ এলাকায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে সাথে নিয়ে রাজনৈতিকভাবে প্রতিরোধ গড়ে তোলা এবং রাজপথে অবস্থান করার নির্দেশনা দেওয়া হয়েছে।
সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে ইশরাক বলেন, কয়েক দিন আগে শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে অসন্তোষ সৃষ্টি এবং রাজনৈতিক ফাঁদ তৈরির চেষ্টা হয়েছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দক্ষতার সাথে পরিস্থিতি সামাল দিয়েছে। এ জন্য তাদের ধন্যবাদ জানানো হয়েছে।
আওয়ামী লীগের ডাকা হরতাল প্রসঙ্গে তিনি বলেন, এই হরতালের কোনো গুরুত্ব নেই। বাংলাদেশের জনগণ দলটিকে প্রত্যাখ্যান করেছে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার বিচারপ্রক্রিয়া শেষে আদালতের সিদ্ধান্তের ভিত্তিতে আওয়ামী লীগ নামে দলটি রাজনীতি করতে পারবে কি না, তা নির্ধারিত হবে।
আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ডকে সন্ত্রাসী ও নাশকতামূলক উল্লেখ করে ইশরাক দাবি করেন, দেশের বাইরে অবস্থানরত দলটির নেতাকর্মীদের নির্দেশনায় বিচ্ছিন্নভাবে এসব কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। তবে এসব তৎপরতায় কোনো রাজনৈতিক সুবিধা পাওয়া যাবে না। মঙ্গলবার সকালেও রাজধানীতে যানজট ছিল উল্লেখ করে তিনি বলেন, সাধারণ মানুষ হরতালে সাড়া দেয়নি।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। পাশাপাশি রাজনৈতিকভাবেও পরিস্থিতি মোকাবিলা করা হচ্ছে। চোরাগোপ্তা হামলা ও নাশকতায় জড়িত এবং অতীতে গণহত্যার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
সভায় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


