...|...|...

সারাদেশ

মৎস্য সম্পদ দেশের অর্থনীতি ও জেলেদের জীবনমান সমৃদ্ধ করে: প্রাণিসম্পদমন্ত্রী

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, রাত ১০:৪০
Shares
মৎস্য সম্পদ দেশের অর্থনীতি ও জেলেদের জীবনমান সমৃদ্ধ করে: প্রাণিসম্পদমন্ত্রী

ছবি: টাইমস টুডে

মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে জেলেদের সরকারি নিষেধাজ্ঞা মেনে চলার আহ্বান জানিয়ে বলেন, প্রজনন মৌসুমে সাময়িকভাবে মাছ ধরা বন্ধ রাখলে ভবিষ্যতে ইলিশের উৎপাদন বৃদ্ধি পাবে। এতে একদিকে মৎস্য সম্পদ বৃদ্ধি পেয়ে দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে। অন্যদিকে জেলেদের জীবনমান উন্নয়নে বড় ভূমিকা রাখবে। 

মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা ১২টায় চাঁদপুর সদরের পশ্চিম দাসাদী বড় খান বাড়ির মাঠে, ভিজিএফের চাল বিতরণ ও মা ইলিশ সংরক্ষণে জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চাঁদপুর জেলা মৎস্য অধিদফতরের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মৎস্যও প্রাণিসম্পদমন্ত্রী বলেন, ইলিশের উৎপাদন দিন দিন কমে যাওয়ার কারণ অনুসন্ধানে বিজ্ঞানীদের মাধ্যমে গবেষণা চালাচ্ছে সরকার। একইসাথে ইলিশের উৎপাদন বাড়াতে করণীয় নির্ধারণ এবং সেসব পদক্ষেপ বাস্তবায়নে কাজ চলছে। 

মা ইলিশ রক্ষায় সরকার বিভিন্ন পদক্ষেপ নিলেও শুধু সরকারি উদ্যোগে অবৈধভাবে মা ইলিশ শিকার বন্ধ করা সম্ভব নয়। এক্ষেত্রে জেলেদেরও এগিয়ে আসতে হবে। জেলেদের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে, যাতে তারা বুঝতে পারেন, মা ইলিশ শিকার করলে ভবিষ্যতে নিজেদের পাশাপাশি দেশেরও ক্ষতি হবে।

তিনি আরও বলেন, নিষেধাজ্ঞার সময় জেলেদের জীবিকা নির্বাহের বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থর ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে।

মন্ত্রী বলেন, কৃষক ও মৎস্যজীবীদের জীবন-জীবিকার সাথে দেশের অর্থনীতি ও খাদ্য নিরাপত্তার গভীর সম্পর্ক রয়েছে। কৃষকের সন্তান হিসেবেও তিনি গর্ববোধ করেন। দেশের মৎস্যসম্পদ রক্ষা এবং এ খাতের মানুষের জীবনমান উন্নয়নে সরকার গুরুত্ব দিচ্ছে। 

জেলেদের স্বাবলম্বী করার বিষয়ে মন্ত্রী আরও বলেন, খাঁচায় ভাসমান মাছ চাষের মতো আধুনিক পদ্ধতি চালু করা গেলে নিষেধাজ্ঞার সময়েও আয়ের সুযোগ তৈরি হবে। এ জন্য সংশ্লিষ্টদের নতুন প্রযুক্তি ব্যবহারে আগ্রহী হতে হবে এবং বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে উদ্যোগ নিতে হবে। 

মন্ত্রী বলেন, বাংলাদেশে চাঁদপুরের বিশেষ গুরুত্ব রয়েছে। ইলিশ উৎপাদন, নদীকেন্দ্রিক অর্থনীতি এবং মৎস্যজীবীদের জীবন-জীবিকার ক্ষেত্রে এ জেলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, মৎস্য অধিদফতরের মহাপরিচালক ড. মো. খালেদ কনক, পুলিশ সুপার মো. মিজানুর রহমান ও নৌ পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান।

চাঁদপুর সদর উপজেলা মৎস্য কর্মকর্তা ওমর ফারুকের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন, জেলা মৎস্য কর্মকর্তা মো. ফখরুল ইসলাম। এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী জেলেদের হাতে খাদ্য সহায়তা তুলে দেন।