মোংলা বন্দরের সুবিধা সম্প্রসারণ ও আধুনিকায়নে চীনের এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংকের (এক্সিম ব্যাংক) সাথে ৩৩৫ দশমিক ৭৮ মিলিয়ন মার্কিন ডলারের ঋণচুক্তি করেছে বাংলাদেশ সরকার। চীনা মুদ্রায় ঋণের পরিমাণ ২ দশমিক ৪০৪ বিলিয়ন ইউয়ান। এ অর্থ দিয়ে বন্দরের অবকাঠামো উন্নয়ন ও আধুনিক যন্ত্রপাতি স্থাপনের কাজ করা হবে।
গত ১০ অক্টোবর বাংলাদেশ সরকার ও চীনের এক্সিম ব্যাংকের মধ্যে এ ঋণচুক্তি স্বাক্ষরিত হয়। নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতায় মোংলা বন্দর কর্তৃপক্ষের নেওয়া ‘মোংলা বন্দরের সুবিধাদি সম্প্রসারণ ও আধুনিকায়ন’ শীর্ষক প্রকল্প বাস্তবায়নে এ অর্থায়ন করা হচ্ছে।
বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) যুগ্মসচিব আলিয়া মেহের এবং চীনের এক্সিম ব্যাংকের পক্ষে সহকারী মহাব্যবস্থাপক ফেংজুন তিয়ান চুক্তিতে স্বাক্ষর করেন।
প্রকল্পের আওতায় আধুনিক যন্ত্রপাতিসহ দুটি কনটেইনার টার্মিনাল নির্মাণ করা হবে। পাশাপাশি কনটেইনার ইয়ার্ড, কনটেইনার ডেলিভারি ইয়ার্ড ও কার্গো হ্যান্ডলিং ইয়ার্ড গড়ে তোলা হবে। এসব অবকাঠামো নির্মাণের পাশাপাশি বন্দরের প্রয়োজনীয় আধুনিকায়ন করা হবে।
চুক্তি অনুযায়ী, প্রকল্প বাস্তবায়নে চীন সরকার ২ শতাংশ সুদে নমনীয় ঋণ দেবে। ঋণ পরিশোধের মেয়াদ ২০ বছর। এর মধ্যে প্রথম পাঁচ বছর গ্রেস পিরিয়ড হিসেবে বিবেচিত হবে।
অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঋণচুক্তির এসব তথ্য জানানো হয়েছে।


