পারমাণবিক স্থাপনা যৌথভাবে পরিদর্শনের বিষয়ে যুক্তরাষ্ট্রের সাথে কোনো ধরনের আলোচনা কিংবা বৈঠকের খবর সরাসরি অস্বীকার করেছে চীন। আন্তর্জাতিক বার্তা সংস্থা আনাদোলু এক প্রতিবেদনে বেইজিংয়ের এই অবস্থানের কথা নিশ্চিত করেছে।
শুক্রবার (৯ অক্টোবর) বেইজিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র মাও নিং মার্কিন সংবাদমাধ্যমের দাবি নস্যাৎ করে বলেন, 'এ সংক্রান্ত খবরটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।'
এর আগে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন একটি সূত্রের বরাত দিয়ে জানায়, দুই দেশই পারস্পরিকভাবে একে অপরের পারমাণবিক গবেষণাগার ও পরীক্ষাকেন্দ্র পরিদর্শনের সম্ভাবনা নিয়ে প্রাথমিক আলোচনা চালিয়ে যাচ্ছে।
স্টকহোম আন্তর্জাতিক শান্তি গবেষণা ইনস্টিটিউটের (এসআইপিআরআই) সাম্প্রতিক তথ্যানুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত চীনের কাছে আনুমানিক ৬২০টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে। অন্যদিকে, বাতিল করা অংশসহ যুক্তরাষ্ট্রের কাছে এই সংখ্যা পাঁচ হাজারের বেশি।
সংস্থাটির হিসাবমতে, বিশ্বের নয়টি পারমাণবিক অস্ত্রধারী দেশের হাতে বর্তমানে মোট ১২ হাজার ১৮৭টি যুদ্ধাস্ত্র রয়েছে, যার ৮৬ শতাংশই রয়েছে মার্কিন ও রুশ নিয়ন্ত্রণে। অন্য যেকোনো দেশের চেয়ে দ্রুতগতিতে চীন পারমাণবিক ভান্ডার বাড়ালেও মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়াও নিজেদের অস্ত্রের ব্যাপক আধুনিকায়ন চালিয়ে যাচ্ছে।
বিশেষ করে গত ফেব্রুয়ারিতে ওয়াশিংটন ও মস্কোর মধ্যে 'নিউ স্টার্ট' পারমাণবিক অস্ত্র হ্রাস চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর বৈশ্বিক পারমাণবিক দৌড় আরও বেগবান হয়েছে।

