প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলোর সার্বিক অর্থনৈতিক উন্নয়ন ও রাজনৈতিক স্থিতিশীলতায় সহযোগিতা জোরদারের আশ্বাস দিয়েছে চীন। শুক্রবার (৯ অক্টোবর) চীনের বেইজিংয়ে কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই টোঙ্গার উপপ্রধানমন্ত্রী ভিলিয়ামি উয়াসিকে লাতুর নেতৃত্বে আসা প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর এক যৌথ প্রতিনিধিদলের সাথে বৈঠকে এই মন্তব্য করেন।
বৈঠকে ওয়াং ই বলেন, প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নেতৃত্বে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলোর সাথে চীনের কৌশলগত অংশীদারত্ব আরও পরিণত ও সুদৃঢ় হয়েছে। প্রতিটি দেশের নিজস্ব রাজনৈতিক পরিবেশ ও জনগণের ইচ্ছানুযায়ী উন্নয়ন নিশ্চিত করতে বেইজিং সব সময় পাশে থাকবে। পাশাপাশি রাজনৈতিক দলগুলোর পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি করে যৌথ অর্থনৈতিক কল্যাণ ত্বরান্বিত করার আহ্বান জানান তিনি।
জবাবে টোঙ্গার উপপ্রধানমন্ত্রী লাতু এবং প্রতিনিধিদলের সদস্যরা দ্বীপরাষ্ট্রগুলোর সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে দীর্ঘদিনের সহায়তার জন্য চীন সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।
প্রতিনিধিদলের নেতারা পুনর্ব্যক্ত করেন যে, প্রশান্ত মহাসাগরীয় দেশগুলো দৃঢ়ভাবে ‘এক-চীন নীতি’ মেনে চলবে এবং কমিউনিস্ট পার্টির সঙ্গে আন্তসম্পর্ক জোরদারে নিবিড়ভাবে কাজ করে যাবে।


