মেয়ে কারিনা কায়সারকে নিয়ে পবিত্র কাবা শরিফে ওমরাহ পালনের স্বপ্ন দেখেছিলেন বাবা কায়সার হামিদ। সেই স্বপ্ন পূরণের আগেই পৃথিবীর মায়া ছেড়ে চলে যান তরুণ কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা। এবার মেয়ের স্মৃতি আর অপূর্ণ ইচ্ছাকে সাথে নিয়েই পবিত্র নগরী মক্কায় গেছেন জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদ। সাথে রেখেছেন প্রয়াত মেয়ের পাসপোর্টও।
কারিনাকে নিয়ে গত বছর থেকেই ওমরাহ পালনের পরিকল্পনা করছিলেন কায়সার। কিন্তু পরিকল্পনা বাস্তবায়নের আগেই লিভার-সংক্রান্ত জটিলতায় অসুস্থ হয়ে পড়েন কারিনা। পরে ভারতের ভেলোরের ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ (সিএমসি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মেয়েকে হারানোর সেই শোকের মধ্যেও তার অপূর্ণ ইচ্ছার কথা ভুলে যাননি কায়সার। এবার কারিনার পাসপোর্টটি সাথে নিয়ে মক্কায় গিয়ে ওমরাহ পালন করেছেন তিনি। সেখান থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে মেয়ের পাসপোর্ট হাতে একটি আবেগঘন ছবি প্রকাশ করেন সাবেক এই ফুটবলার।
কারিনাকে নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে কায়সার জানান, স্বপ্নে তিনি মেয়েকে নিজের সাথে পবিত্র কাবা শরিফ প্রদক্ষিণ করতে দেখেছেন। সেই স্বপ্নের কথা উল্লেখ করে তার বিশ্বাস, কারিনা শারীরিকভাবে পাশে না থাকলেও আত্মিকভাবে তাদের সাথেই ওমরাহ পালন করেছে। তাই পুরো সময় মেয়ের পাসপোর্টটিও নিজের সাথে রেখেছেন তিনি।
খুব অল্প সময়ের ক্যারিয়ারেই প্রাণবন্ত উপস্থাপনা ও জীবনঘনিষ্ঠ কনটেন্টের মাধ্যমে তরুণদের কাছে পরিচিত হয়ে উঠেছিলেন কারিনা কায়সার। পরে অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্য লেখাতেও নিজের দক্ষতার পরিচয় দেন তিনি। ‘ইন্টার্নশিপ’ ও ‘৩৬-২৪-৩৬’- এর মতো জনপ্রিয় সিরিজে কাজ করেছিলেন এই তরুণ প্রতিভা।
মেয়েকে নিয়ে যে স্বপ্ন পূরণ করার কথা ছিল, তা আর সম্ভব হয়নি। তবে কারিনার স্মৃতি ও তার সেই অপূর্ণ ইচ্ছাকে হৃদয়ে ধারণ করেই কাবা শরিফে গিয়ে ওমরাহ পালন করলেন শোকার্ত বাবা কায়সার হামিদ।



