দেশত্যাগে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ভারতে যাওয়ার সময় চুয়াডাঙ্গার দর্শনা সমন্বিত চেকপোস্টে ইমিগ্রেশন পুলিশের হাতে আটক হয়েছেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এমএ খালেক।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে দর্শনা সমন্বিত চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।
দর্শনা ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়, এমএ খালেক বৈধ মেডিকেল ভিসা নিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। তবে মেহেরপুরে তার বিরুদ্ধে নাশকতাসহ একাধিক মামলা এবং দেশত্যাগে নিষেধাজ্ঞা থাকায় ইমিগ্রেশনে তাকে বাধার মুখে পড়তে হয়। পরে যাচাই-বাছাই শেষে তাকে চেকপোস্টেই পুলিশ হেফাজতে নেওয়া হয়।
ইমিগ্রেশন পুলিশের এক কর্মকর্তা জানান, আটক করার পর এমএ খালেককে মেহেরপুর জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
মেহেরপুর জেলা পুলিশের একটি সূত্র জানায়, নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে এমএ খালেককে দর্শনা থেকে মেহেরপুরে নেওয়ার প্রক্রিয়া চলছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।


