...|...|...

খেলা

মেসিকে বিদায়ী শুভেচ্ছা জানিয়ে যা বললেন রোনালদো

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৮ অক্টোবর ২০২৬, সকাল ৮:৪২
Shares
মেসিকে বিদায়ী শুভেচ্ছা জানিয়ে যা বললেন রোনালদো

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ফুটবলে লিওনেল মেসির ২১ বছরের অধ্যায়ের আনুষ্ঠানিক সমাপ্তি হয়েছে। আর্জেন্টিনার নীল-সাদা জার্সি গায়ে শেষবার মাঠে নামার পরপরই সেটিকে মিস করার কথা জানিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। তার বিদায়ের আবেগঘন মুহূর্তে শুভেচ্ছা জানাতে ভুল করেননি দীর্ঘদিনের চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোও। মেসির বিদায়ী পোস্টে মন্তব্য করে আর্জেন্টিনার হয়ে তার অর্জনের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন পর্তুগিজ এই তারকা।

বুধবার (৭ অক্টোবর) বুয়েন্স আইরেসের এস্তাদিও মনুমেন্টালে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামেন মেসি। ম্যাচ শেষে নিজের ইনস্টাগ্রামে বিদায়ী ম্যাচের কয়েকটি স্থিরচিত্র প্রকাশ করে অনুভূতি জানান তিনি। মেসি লিখেছেন, ‘গতকাল ছিল (জাতীয় দলে) আমার শেষ ম্যাচ এবং নীল-সাদা জার্সিটা গায়ে জড়ানোর অভাব এখনই অনুভব করছি। আমি জানি আমি সঠিক সিদ্ধান্তই নিচ্ছি। এটি ছিল এক অসাধারণ যাত্রা, আনন্দ আর কিছুটা বিষাদে ভরা। তবে এটুকু নিশ্চিত যে, আমার নেওয়া প্রতিটি পদক্ষেপই ছিল সার্থক।’

আগস্টের শেষদিকে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন মেসি। তবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) চেয়েছিল, ঘরের মাঠে একটি বিদায়ী ম্যাচ খেলে দেশের সমর্থকদের সামনে জাতীয় দলের অধ্যায় শেষ করুন তিনি। সেই পরিকল্পনা অনুযায়ী বেনিনের বিপক্ষে ম্যাচে মাঠে নামেন আর্জেন্টাইন অধিনায়ক। ম্যাচের আগে ও পরে তাকে দেওয়া হয় বর্ণাঢ্য বিদায়ী সংবর্ধনা।

বিদায়ী ম্যাচে পরিবারের সদস্যদের নিয়ে মনুমেন্টাল স্টেডিয়ামে উপস্থিত ছিলেন মেসি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে পরিবারকে নিয়ে আরও বিস্তারিত অনুভূতি প্রকাশ করেছেন তিনি। বিশেষ করে কঠিন সময়ে পরিবারের সমর্থনের কথা তুলে ধরে মেসি লিখেছেন, ‘আমার আরও অনেক কিছু বলার আছে। আমার মনের সব অনুভূতি শব্দ বা কোনো পোস্টের মাধ্যমে প্রকাশ করা অসম্ভব। পরিবারকে ছাড়া এই যাত্রা কখনোই সম্ভব হতো না, তারা সবসময় আমার পাশে থেকেছে ও আমাকে সমর্থন জুগিয়েছে। বিশেষ করে সেই কঠিন মুহূর্তগুলোতে, যখন আমার সবচেয়ে বেশি প্রয়োজন ছিল।’

বন্ধু, সতীর্থ ও কোচিং স্টাফদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন মেসি। একইসাথে স্মরণ করেছেন আর্জেন্টিনার প্রয়াত কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনাকে। মেসির ভাষায়, ‘আমার বন্ধু ও সতীর্থরা এবং তাদের সাথে থাকা টেকনিক্যাল স্টাফরাও ছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি দিয়েগোর (ম্যারাডোনা) কথা ভুলে যেতে চাই না, যিনি আমাদের দেশকে তার প্রাপ্য মর্যাদার আসনে বসিয়েছিলেন। আমি সবসময়ই বলি, আমাদের প্রতিটি পদক্ষেপে তিনি আমাদের পাশে থেকে এবং স্বর্গ থেকেও আমাদের সহায়তা করেছেন।’

পেশাদার ক্যারিয়ারে যেসব ক্লাবের হয়ে খেলেছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মেসি। বর্তমানে ইন্টার মায়ামির সাথে চুক্তিবদ্ধ এই ফরোয়ার্ড বলেন, ‘আমি যেসব ক্লাবের হয়ে খেলেছি, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। কারণ তারা সবসময়ই আমার আবেগের প্রতি শ্রদ্ধা জানিয়েছে এবং জাতীয় দলের জার্সি গায়ে দেশের জন্য নিজেকে নিবেদিত করার সুযোগ করে দিয়েছে। আর অবশ্যই, ঈশ্বরের প্রতিও ধন্যবাদ। তার নির্দেশনা ও ইচ্ছা ছাড়া এতদূর আসার স্বপ্ন দেখাও আমাদের পক্ষে সম্ভব হতো না। আমি কৃতজ্ঞ, আপনাদের সবাইকে অনেক ভালোবাসি। আপনাদের মিস করব এবং সবসময় আমার ও আমাদের পাশে থাকায় ধন্যবাদ।’

মাঠের পারফরম্যান্সে প্রায় দুই দশক ধরে মেসি ও রোনালদোর মধ্যে চলে আসছে তীব্র প্রতিদ্বন্দ্বিতা। নিজেদের বর্ণাঢ্য ক্যারিয়ারে অসংখ্য ব্যক্তিগত ও দলীয় সাফল্য অর্জন করে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা দুই তারকা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন তারা।

মেসির চেয়ে দুই বছর আগে পর্তুগাল জাতীয় দলে অভিষেক হয়েছিল রোনালদোর। সাম্প্রতিক সময়ে পর্তুগাল কোচের সাথে মতবিরোধের জেরে জাতীয় দলের ক্যাম্প ছাড়ার ঘটনায় আলোচনায় থাকা রোনালদো এবার প্রতিদ্বন্দ্বীর বিদায়বেলায় সৌহার্দ্যের বার্তা দিয়েছেন।

মেসির ইনস্টাগ্রাম পোস্টের মন্তব্যের ঘরে রোনালদো লিখেছেন, ‘লিও, এত বছর ধরে দেশের হয়ে লড়াই করার পর তুমি এমন এক ইতিহাস গড়েছ যা চিরকাল টিকে থাকবে। আর্জেন্টিনার হয়ে তুমি যা অর্জন করেছ, তার প্রতি আমার গভীর শ্রদ্ধা রইল। অনেক ভালোবাসা।’