বাংলাদেশে একটি অফিস স্থাপনের জন্য মেটা প্ল্যাটফর্মস ইনকরপোরেশনকে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে মেটার চিফ গ্লোবাল অ্যাফেয়ার্স অফিসার জোয়েল কাপলানের সঙ্গে বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের বৈঠকে এ আমন্ত্রণ জানানো হয়।
বুধবার (২৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রধানমন্ত্রী মনোনীত বাংলাদেশি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। সময়সূচির সীমাবদ্ধতার কারণে প্রধানমন্ত্রী বৈঠকে অংশ নিতে পারেননি।
বৈঠকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন খান এবং উপস্থায়ী প্রতিনিধি এ কে এম ওয়াহিদুজ্জামান উপস্থিত ছিলেন।
বৈঠকে বাংলাদেশের বিপুলসংখ্যক মেটা ব্যবহারকারীর বিষয়টি তুলে ধরে মেটার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এবং দেশের ডিজিটাল প্ল্যাটফর্ম নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
বাংলাদেশের ডিজিটাল অর্থনীতি ও ই-কমার্স খাতের বিকাশে মেটার প্ল্যাটফর্ম ও প্রযুক্তি কীভাবে ভূমিকা রাখতে পারে, তা নিয়েও মতবিনিময় করেন দুই পক্ষ।
বিশেষ করে ব্যবসা, উদ্যোক্তা, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) এবং ডিজিটাল বাণিজ্যে মেটার প্রযুক্তির ব্যবহার বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।
বৈঠকে অনলাইন অপব্যবহার ও ডিজিটাল হয়রানি প্রতিরোধের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
এ সময় বাংলাদেশের প্রস্তাবিত সাইবার নিরাপত্তা আইন নিয়েও আলোচনা হয়। ডিজিটাল প্ল্যাটফর্মের নিরাপদ ও দায়িত্বশীল ব্যবহারের পাশাপাশি অনলাইন পরিবেশে নিরাপত্তা নিশ্চিত করার বিভিন্ন বিষয় আলোচনায় উঠে আসে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, মেটার সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিদলের বৈঠকটি ছিল গঠনমূলক ও ভবিষ্যতমুখী।




