...|...|...

বিশ্ব

মিশরে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪, আহত ৮৮

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৮ নভেম্বর ২০২৬, রাত ১০:৩৫
Shares
মিশরে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪, আহত ৮৮

ছবি: সংগৃহীত

মিশরের গিজা প্রদেশে দুটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে অন্তত চারজন নিহত এবং ৮৮ জন আহত হয়েছেন। সংঘর্ষের পর কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে উল্টে যায়। রবিবার (৮ নভেম্বর) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী কায়রোর দক্ষিণে গিজা প্রদেশের আল-আইয়াত জেলার গেরজা গ্রামের কাছে কায়রো-আসওয়ান সড়কসংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

মিশরের জাতীয় রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, গিজা থেকে ফাইয়ুমগামী ১৩৪ নম্বর যাত্রীবাহী ট্রেনটি কাফর আম্মার ও আল-রিক্কা স্টেশনের মাঝামাঝি স্থানে কায়রো থেকে আসওয়ানগামী একটি ট্রেনের পেছনে ধাক্কা দেয়। এতে কয়েকটি বগি লাইনচ্যুত হয়।

দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজ শুরু করে জরুরি সেবাকর্মীরা। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, উদ্ধার ও আহতদের হাসপাতালে নিতে ৭২টি অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে স্বাস্থ্যমন্ত্রী খালেদ আবদেল গাফফার গিজা ও পার্শ্ববর্তী বেনি সুয়েফ প্রদেশের হাসপাতালগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি আহতদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি দুর্ঘটনার দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে কারও অবহেলা প্রমাণিত হলে তাঁকে জবাবদিহির আওতায় আনার কথা জানিয়েছেন তিনি। 

দুর্ঘটনাস্থলে উদ্ধারকারী দল ও ক্রেন পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্ত বগিগুলো সরিয়ে রেল যোগাযোগ স্বাভাবিক করার চেষ্টা চলছে।