...|...|...

জাতীয়

মাস্টার্স পাস করেও বাস চালানোর কারণ জানালেন রাবেয়া

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, রাত ১:৪৬ | আপডেট: ৩০ আগস্ট ২০২৬, রাত ১০:৪৮
Shares
মাস্টার্স পাস করেও বাস চালানোর কারণ জানালেন রাবেয়া

ছবি: সংগৃহীত

রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে মঙ্গলবার (১৮ আগস্ট) নারীদের জন্য বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’ (পিংক বাস)-এর উদ্বোধন করা হয়েছে। তবে খবর কেবল বাসের নয়; আলোচনার কেন্দ্রে বিআরটিসির নতুন চালকেরা, যাদের একজন মাস্টার্স পাস রাবেয়া খাতুন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি তিতুমীর কলেজ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করা রাবেয়ার বাসচালক হওয়ার সিদ্ধান্তে পরিবার আপত্তি জানিয়েছিল। প্রশ্ন উঠেছিল—উচ্চশিক্ষিত একজন নারী কেন এই পেশা বেছে নেবেন? কিন্তু সমাজ ও পরিবারের এই সংশয়কে বাধা নয়, বরং চ্যালেঞ্জ হিসেবেই নিয়েছেন রাবেয়া।

রাবেয়ার কাছে বাস চালানো কেবল জীবিকার মাধ্যম নয়; প্রচলিত সামাজিক ধারণা ভেঙে পরিবর্তনের অংশ হওয়া। নিজের সিদ্ধান্ত ব্যাখ্যা করে তিনি বলেন, ‘চালকের বদলে নিজেকে যদি পাইলট ভাবি, তবে তো কোনো অপরাধ নেই। বিদেশে গিয়ে পড়াশোনার পাশাপাশি মানুষ ড্রাইভিং করতে পারলে, নিজের দেশে কেন পারব না? আমরাই নতুন কিছু সৃষ্টি করব, দেশটাকে বদলাব।’ এর আগে ব্র্যাকে কাজের অভিজ্ঞতা থেকে তিনি দেখেছেন, অনেক সম্ভ্রান্ত পরিবারের সন্তান ও পেশাজীবীরা বিদেশে যাওয়ার আগে ড্রাইভিং শেখেন।

একই সার্ভিসে চালক হিসেবে যুক্ত হয়েছেন সুপ্রিয়া কুন্ডু ও রিমা। নতুন কিছু শেখার তাগিদ থেকে এই পেশায় আসা সুপ্রিয়া মনে করেন, সড়ক হয়রানির এই সময়ে পিংক বাস নারী যাত্রীদের স্বস্তি দেবে। বিশেষ করে স্কুলপড়ুয়া সন্তানদের যাতায়াত নিয়ে মায়েরা নিশ্চিন্ত থাকতে পারবেন। সড়কে অন্য পুরুষ চালকদের প্রতিদ্বন্দ্বী নয়, বরং সহযোগী হিসেবে দেখেন তিনি। সুপ্রিয়ার ভাষ্য, ‘কারো সঙ্গে প্রতিযোগিতা করতে আসি নাই; নারীদের বাড়তি নিরাপত্তা ও সুবিধা দিতেই মাঠে নেমেছি।’

আরেক চালক রিমা নারীদের কেবল নির্দিষ্ট কিছু প্রথাগত পেশায় সীমাবদ্ধ রাখার ধারণাকে ভাঙতে চান। নারী চালক ও কন্ডাক্টর নিয়ে এত বড় বাস পরিচালনার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত তিনি। যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়ার এই উদ্যোগে যুক্ত হতে পেরে প্রধানমন্ত্রী ও বিআরটিসি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান রিমা।