রাজধানীতে নারীদের জন্য চালু হওয়া বিশেষ ‘পিংক বাস’ সেবার শুরুতেই দেখা দিয়েছে একটি ভিন্ন অভিজ্ঞতা। বুধবার (১৯ আগস্ট) দুপুরে শাহজাহানপুর এলাকায় দোতলা একটি পিংক বাস ফ্লাইওভারে উঠতে গিয়ে কিছুটা সমস্যায় পড়ে।
জানা গেছে, নারীদের পরিচালিত এই বাসটির চালক ফাহিমা সানজান ফ্লাইওভারের ঢাল বেয়ে বাসটি ওপরে তুলতে চেষ্টা করেন। তবে বাসটি উঠতে ব্যর্থ হলে তিনি নিরাপত্তার কথা বিবেচনা করে সেটি থামিয়ে দেন।
পরিস্থিতি জটিল হওয়ার আগেই একজন পুরুষ চালক এগিয়ে আসেন। পরে তার সহায়তায় বাসটি নিরাপদে ফ্লাইওভারে তোলা হয়। এ সময় বাসে থাকা নারী যাত্রীদের মধ্যে কিছুটা উদ্বেগ তৈরি হলেও কোনো দুর্ঘটনা বা বড় ধরনের যানজটের ঘটনা ঘটেনি।
নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) চালু করেছে এই বিশেষ বাস সার্ভিস। নারীদের পরিচালিত হওয়ায় চালুর পর থেকেই এটি আলোচনায় আসে। তবে উদ্বোধনের পরদিন রাজধানীর বিভিন্ন রুটে দেখা গেছে যাত্রীসংকটের চিত্র।
মতিঝিল বাস পয়েন্ট থেকে মিরপুর-১০ রুটে চলাচলকারী দোতলা গোলাপি বাসটিতে প্রথমদিকে যাত্রী ছিলেন খুবই কম। সরেজমিনে দেখা যায়, বাসের ওপরের তলা ছিল পুরোপুরি ফাঁকা। নিচতলায় ছিলেন মাত্র দুজন নারী যাত্রী।
মতিঝিল থেকে এলিফ্যান্ট রোড পর্যন্ত বাসটিতে যাত্রী ছিলেন দুজন। পরে সায়েন্স ল্যাব এলাকায় একজন শিক্ষার্থী ওঠেন। যাত্রী কম থাকায় কিছু নির্ধারিত স্টপেজে বাস না থামার ঘটনাও দেখা যায়।
একই চিত্র দেখা গেছে আবদুল্লাহপুর থেকে মতিঝিলগামী আরেকটি পিংক বাসেও। শাহবাগ এলাকায় দেখা পাওয়া ওই বাসে যাত্রী ছিলেন মাত্র চার থেকে ছয়জন। নারীদের জন্য চালু হওয়া এই বিশেষ পরিবহন সেবা নিয়ে আগ্রহ থাকলেও, নিয়মিত যাত্রী বাড়ানো এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।


