রাজধানীর শ্যামলীতে চলন্ত অবস্থায় ঠিকানা পরিবহনের একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সামনে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হননি।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। রাত ৯টা ৩৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি কর্মকর্তা শিহাব সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুন পুরোপুরি নির্বাপণের পর এটি নাশকতা কি না, তা জানা যাবে।
এদিকে বাসে আগুন লাগার ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। শেরেবাংলা নগর থানার পরিদর্শক (অপারেশনস) মাসুদ রানা বলেন, বাসে আগুন লাগার ঘটনায় পুলিশ তদন্ত করছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। তদন্তে যার সংশ্লিষ্টতা পাওয়া যাবে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


