মালয়েশিয়ায় চলমান বিশ্বের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক হালাল বাণিজ্য প্রদর্শনী ‘মালয়েশিয়া ইন্টারন্যাশনাল হালাল শোকেস ২০২৬’ এ দেশীয় পণ্যের বৈচিত্র্য নিয়ে অংশ নিয়েছে বাংলাদেশ।
মেলায় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের পরিচিত ও ঐতিহ্যবাহী খাদ্যপণ্যসহ নানা ধরনের রপ্তানিযোগ্য পণ্য প্রদর্শন করা হচ্ছে।
বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর উদ্যোগে এবং কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের ব্যবস্থাপনায় মেলায় ছয়টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে।
বাংলাদেশ প্যাভিলিয়নে রয়েছে সুন্দরবনের খাঁটি মধু, বিভিন্ন ধরনের মসলা, চা, সরিষার তেল, সমুচা, খাদ্যপণ্যসহ আরও নানা দেশীয় পণ্য। এসব পণ্যের পাশাপাশি বাংলাদেশি প্রতিষ্ঠানের উৎপাদিত বিভিন্ন খাদ্য ও ভোগ্যপণ্যও প্রদর্শন করা হচ্ছে।
মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো হলো-অ্যাপেক্স কনভেনিয়েন্স ফুডস লিমিটেড, বায়োফার্মা লিমিটেড, ঘরেরবাজার, ন্যুরিশ ফুডস লিমিটেড, প্যারাগন গ্রুপ এবং তালুকদার এগ্রো ফুড অ্যান্ড বেভারেজ।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করেন। এ সময় তিনি অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর পণ্য ও কার্যক্রম সম্পর্কে খোঁজ নেন এবং মেলায় বাংলাদেশের অংশগ্রহণের বিভিন্ন দিক পরিদর্শন করেন।
২৩ সেপ্টেম্বর শুরু হওয়া চার দিনব্যাপী এ মেলা চলবে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত। কুয়ালালামপুরের মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড এক্সিবিশন সেন্টারে আয়োজিত এ মেলায় বিশ্বের বিভিন্ন দেশের ব্যবসায়ী, ক্রেতা ও সংশ্লিষ্ট খাতের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।
মেলায় বাংলাদেশের দেশীয় খাদ্যপণ্য ও হালাল পণ্যের বৈচিত্র্য আন্তর্জাতিক ক্রেতাদের সামনে তুলে ধরার পাশাপাশি নতুন বাজার সৃষ্টি ও রপ্তানি সম্প্রসারণের সুযোগ তৈরি হচ্ছে। বিশেষ করে সুন্দরবনের মধু, দেশীয় মসলা, চা ও সরিষার তেলের মতো পণ্য প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি বিদেশি ক্রেতাদেরও আকৃষ্ট করছে।


