ইসলামে দান-সদকা ও আল্লাহর পথে সম্পদ ব্যয়কে গুরুত্বপূর্ণ ইবাদত হিসেবে বিবেচনা করা হয়। এর মাধ্যমে অসহায় মানুষের উপকারের পাশাপাশি আল্লাহর সন্তুষ্টি অর্জনের সুযোগ তৈরি হয়। পবিত্র কোরআন ও হাদিসে দানকারীদের জন্য বিশেষ প্রতিদানের কথা উল্লেখ রয়েছে। তবে দান-সদকা কবুল হওয়ার অন্যতম শর্ত হলো, সেই সম্পদ হতে হবে হালাল ও পবিত্র উপায়ে অর্জিত।
কেউ যদি অবৈধ বা হারাম পথে অর্থ উপার্জন করেন এবং সেই অর্থ দিয়ে দান-সদকা করেন, তাহলে ইসলামের দৃষ্টিতে এর বিধান কী? হারাম সম্পদ দান করলে কি কোনো সওয়াব পাওয়া যায়? এ বিষয়ে কোরআন ও হাদিসে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে।
হারাম অর্থ দান করলে কি সওয়াব পাওয়া যায়?
ইসলামি শরিয়তের নির্দেশনা অনুযায়ী, হারাম উপায়ে অর্জিত সম্পদ দিয়ে দান-সদকা করলে তা সাধারণ সদকার মতো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। এ ধরনের দানের মাধ্যমে স্বাভাবিক সদকার সওয়াবও অর্জিত হয় না।
এ প্রসঙ্গে একটি হাদিসে বলা হয়েছে-
مَنْ كَسَبَ مَالًا مِنْ حَرَامٍ فَأَعْتَقَ مِنْهُ وَوَصَلَ رَحِمَهُ كَانَ ذَلِكَ إِصْرًا عَلَيْهِ
অর্থ: ‘যে ব্যক্তি হারাম উপায়ে সম্পদ অর্জন করে, এরপর সেই সম্পদ দিয়ে দাসমুক্ত করে কিংবা আত্মীয়তার সম্পর্ক রক্ষায় ব্যয় করে, তা তার জন্য পাপের বোঝা হয়ে দাঁড়ায়।’ (আল-মু‘জামুল আওসাত, তাবারানি: ৯৩৭৫)
অর্থাৎ ভালো কাজের উদ্দেশ্য থাকলেও সম্পদের উৎস অবৈধ হলে সেই ব্যয়ের মাধ্যমে হারাম উপার্জনের দায় থেকে মুক্তি পাওয়া যায় না।
হারাম উপার্জন দোয়া কবুলের ক্ষেত্রেও বাধা
হালাল খাবার ও পবিত্র উপার্জনের গুরুত্ব ইসলামে বিশেষভাবে তুলে ধরা হয়েছে। কোরআনে আল্লাহ তাআলা নবী-রাসুলদের উদ্দেশে বলেন-
يَا أَيُّهَا الرُّسُلُ كُلُوا مِنَ الطَّيِّبَاتِ وَاعْمَلُوا صَالِحًا إِنِّي بِمَا تَعْمَلُونَ عَلِيمٌ
অর্থ: ‘হে রাসুলগণ! তোমরা পবিত্র বস্তু থেকে আহার করো এবং সৎকাজ করো। তোমরা যা করো, সে সম্পর্কে আমি সম্যক অবগত।’ (সুরা আল-মুমিনুন, আয়াত: ৫১)
অন্য আয়াতে মুমিনদের উদ্দেশে বলা হয়েছে-
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُلُوا مِنْ طَيِّبَاتِ مَا رَزَقْنَاكُمْ
অর্থ: ‘হে মুমিনগণ! আমি তোমাদের যে পবিত্র রিজিক দিয়েছি, তা থেকে আহার করো।’ (সুরা আল-বাকারা, আয়াত: ১৭২)
হালাল উপার্জনের গুরুত্ব বোঝাতে রাসুলুল্লাহ (সা.) একটি উদাহরণ দিয়েছেন। হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, নবীজি (সা.) বলেন, এক ব্যক্তি দীর্ঘ সফর করে ধূলিমলিন অবস্থায় দুই হাত আকাশের দিকে তুলে ‘হে আমার রব, হে আমার রব’ বলে দোয়া করে। অথচ তার খাবার, পানীয়, পোশাক এবং শরীর গঠনের উপাদান সবই হারাম। এমন ব্যক্তির দোয়া কীভাবে কবুল হবে? (সহিহ মুসলিম: ১০১৫) এই হাদিস থেকে বোঝা যায়, হারাম উপার্জন ও ভোগ মানুষের দোয়া কবুলের পথে বড় বাধা হতে পারে।
ইসলামে শুধু দান করার বিষয়টিই গুরুত্বপূর্ণ নয়, বরং কীভাবে সম্পদ অর্জিত হয়েছে, সেটিও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। হারাম উপার্জনের অর্থ দিয়ে দান-সদকা করলে তা সাধারণ সদকার সওয়াবের বিকল্প হতে পারে না। অন্যের সম্পদ আত্মসাৎ করে থাকলে তা ফিরিয়ে দেওয়াও জরুরি।
তাই আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং ইবাদত কবুলের প্রত্যাশায় প্রত্যেক মুসলমানের উচিত হালাল উপায়ে জীবিকা নির্বাহ করা। আর অতীতে কোনো ভুল হয়ে থাকলে আন্তরিক তওবা, মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া এবং হারাম সম্পদ থেকে মুক্ত হওয়ার মাধ্যমে সঠিক পথে ফিরে আসার চেষ্টা করা।


