...|...|...

প্রবাস

মালয়েশিয়ায় অভিবাসন আইন লঙ্ঘনে সবার ওপরে বাংলাদেশিরা

ইমামুল হোসেন, মালয়েশিয়া
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:০৮
Shares
মালয়েশিয়ায় অভিবাসন আইন লঙ্ঘনে সবার ওপরে বাংলাদেশিরা

মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল।

মালয়েশিয়ায় অভিবাসন পাসের শর্ত লঙ্ঘনের অভিযোগে বিদেশি নাগরিকদের মধ্যে শীর্ষে রয়েছেন বাংলাদেশিরা। ২০২৩ সাল থেকে ২০২৬ সালের ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ৬ হাজার ৮৯৮ জন বাংলাদেশির বিরুদ্ধে পাসের শর্ত লঙ্ঘনের তথ্য নথিভুক্ত করেছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ।

মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল দেশটির সংসদে দেওয়া এক লিখিত জবাবে এ তথ্য প্রকাশ করেন।

সংসদে প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশিদের পর দ্বিতীয় অবস্থানে রয়েছেন থাইল্যান্ডের নাগরিকরা। দেশটির ৪ হাজার ৮৫৬ জন নাগরিকের বিরুদ্ধে অভিবাসন পাসের শর্ত লঙ্ঘনের অভিযোগ রয়েছে।

এ ছাড়া তালিকায় রয়েছেন ইন্দোনেশিয়ার ২ হাজার ১৫৪ জন, চীনের ১ হাজার ২০৭ জন, ভিয়েতনামের ১ হাজার ৪৬ জন, পাকিস্তানের ৮২৩ জন, মিয়ানমারের ৫৩১ জন, ভারতের ৫০০ জন, নেপালের ৩২৮ জন, লাওসের ১৭২ জন এবং ফিলিপাইনের ১৫৭ জন। অন্যান্য দেশের নাগরিকরাও এ তালিকায় রয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ২০২৩ সাল থেকে ২০২৬ সালের ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ১৯৬৩ সালের অভিবাসন বিধিমালার আওতায় মোট ১৮ হাজার ৮৩৮টি পাসের শর্ত লঙ্ঘনের ঘটনা নথিভুক্ত হয়েছে।

তিনি বলেন, সামাজিক ভ্রমণ পাস কিংবা ভিসামুক্ত প্রবেশের সুবিধা নিয়ে মালয়েশিয়ায় প্রবেশ করলেই কাজ বা ব্যবসা পরিচালনার অনুমতি পাওয়া যায় না। বৈধ কাজের পাস ও প্রয়োজনীয় অনুমতি ছাড়া কোনো বিদেশি নাগরিক দেশটিতে চাকরি, ব্যবসা কিংবা বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করতে পারবেন না।

এদিকে বিদেশিদের অবৈধভাবে ব্যবসা পরিচালনা ও অননুমোদিত কর্মসংস্থান বন্ধে অভিযান জোরদার করেছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ (জেআইএম)।

২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত দেশজুড়ে ৫ হাজার ৫৩টি অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে ৭২ হাজার ৮৫৪ জনের নথিপত্র যাচাই করা হয়। এর মধ্যে পাসের শর্ত লঙ্ঘনের অভিযোগে ২ হাজার ৩০৬ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে।

একই সময়ে বৈধ ভ্রমণ নথি বা পাস ছাড়া বিদেশি কর্মী নিয়োগ দেওয়ার অভিযোগে ৮০১ জন নিয়োগকর্তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ ছাড়া ‘অপস সেলেরা’ কর্মসূচির আওতায় ৭৫৯টি অভিযানে ২ হাজার ৩৩৮ জন, ‘অপস বেলাঞ্জা’র আওতায় ৪০৯টি অভিযানে ৫৮৯ জন এবং ‘অপস জাজা’র আওতায় ৭৫টি অভিযানে ৯০ জনকে আটক করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, অভিযান পরিচালনার পাশাপাশি ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে নিয়মিত নজরদারি, তল্লাশি, পরামর্শ ও সতর্কতামূলক কার্যক্রম চালানো হচ্ছে। একই সাথে অবৈধভাবে বিদেশি কর্মী নিয়োগ ও আশ্রয় দেওয়ার অভিযোগে নিয়োগকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে রাজ্য পর্যায়ের অভিবাসন বিভাগগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।