দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় খোলার পর প্রথমবারের মতো সম্পূর্ণ বিনা খরচে (জিরো কস্ট) দেশটিতে যাচ্ছেন ১১২ বাংলাদেশি দক্ষ কর্মী। তাদের বিদায় জানাতে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম ফ্লাইটের উদ্বোধন করবেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৬টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ উদ্বোধন অনুষ্ঠান হবে। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি সুজাউদ্দৌলা সুজন মাহমুদ সাংবাদিকদের পাঠানো এক বার্তায় এ তথ্য জানিয়েছেন।
জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের কূটনৈতিক উদ্যোগে দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন করে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে।
সরকারি জনশক্তি রফতানিকারক প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে বিশেষ উড়োজাহাজে বৃহস্পতিবার সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন এই ১১২ কর্মী। সরকারের পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে এ প্রক্রিয়ায় মোট ১০ হাজার বাংলাদেশি কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর সুযোগ তৈরি হবে।
এর আগে বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কাজের সুযোগ পেতে গত ৬ থেকে ৮ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত অনলাইনে মোট ৪ হাজার ২৯টি আবেদন জমা পড়ে। এসব আবেদন থেকে স্বয়ংক্রিয় লটারি পদ্ধতিতে প্রাথমিকভাবে ৩০০ জনকে বাছাই করা হয়।
দুই দিনের সাক্ষাৎকারে নির্বাচিত কয়েকজন প্রার্থী অনুপস্থিত থাকায় পরবর্তী সময়ে অবশিষ্ট আবেদনকারীদের মধ্য থেকে লটারির মাধ্যমে আরও ৫০ জনকে সাক্ষাৎকারের সুযোগ দেওয়া হয়। সবশেষে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার ভিত্তিতে ডিএইচএল কর্তৃপক্ষ ১১২ জনকে চূড়ান্তভাবে নিয়োগ দেয়।


